জাতীয়রাষ্ট্র
ট্রেন্ডিং

বিপ্লবীকন্যাদের কথা শুনলেন, বললেন উচ্ছ্বাস-ক্ষোভের কথাও

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া নারীদের সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা ও দাবির কথা শুনে তিনি বলেন, উচ্ছ্বাস-ক্ষোভ না থাকলে আমরা তো মানুষ হিসেবে বেঁচে থাকতে পারতাম না। এগুলো আছে থাকবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাইয়ের কন্যারা… আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন ড. ইউনূস।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, আজ অনেক উচ্ছ্বাসের দিন, ক্ষোভের দিন, ইমোশনের দিন। আজ সব একসঙ্গে প্রকাশ করার দিন। উচ্ছ্বাস আছে বলেই তো আমরা এখানে আছি। যখনই দরকার তখন প্রকাশ করব। যখন যেখানে যতটুকু দরকার ততটুকু প্রকাশ করব। সেই শক্তি যেন আমাদের থাকে।

তিনি বলেন, তোমরা বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছ সেটি ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনার নায়িকাদের আমি মনেপ্রাণে ধন্যবাদ জানাই।

জুলাইয়ের অভ্যুত্থানকে পৃথিবীর নজিরবিহীন ঘটনা মন্তব্য করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, পৃথিবীতে বহু অভ্যুত্থান হয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন রকমের, তোমাদের হাতে গড়া একটা জিনিস। এখানে কোনো বড় নেতা এসে হুকুম দেয়নি, তোমরা স্বতঃস্ফূর্তভাবে করেছ।

শিক্ষার্থী-কর্মজীবী-গৃহিণীরা আন্দোলনে যোগ দিয়েছে এবং সমানভাবে এগিয়ে এসেছে উল্লেখ করে তিনি বলেন, এটা বাংলাদেশকে একেবারে পরিবর্তন করে দিয়েছে। ফলে ৫ আগস্টের আগের বাংলাদেশ আর নেই। এটা নতুন বাংলাদেশ। নতুন এই বাংলাদেশ আমরা গড়ব। দেশ বদলানোর যে প্রতিজ্ঞা তোমরা নিয়েছ সেটা ধরে রাখবা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ‘জুলাইয়ের কন্যারা… আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না’ অনুষ্ঠানে জুলাই-আগস্টের অভ্যুত্থানে অংশ নেওয়া স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মজীবী নারীরাও অংশ নেন।

Back to top button