নিজের ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীদের স্বপ্ন দেখালেন মালয়েশিয়া প্রবাসী আমান

নিজস্ব প্রতিবেদক, আলোর মিছিলঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার বিভিন্ন দিক নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কনফিডেন্ট মাইন্ডস ক্লাবের উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর) কনফারেন্স রুমে এই আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বেঞ্চমার্ক ইনফোটেক-এর সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেংগানু-এর সাবেক শিক্ষার্থী মোঃ আমান উল্লাহ।
বক্তব্যে মোঃ আমান উল্লাহ বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন প্রক্রিয়া, বৃত্তি পাওয়ার উপায় এবং আন্তর্জাতিক চাকরির বাজারে নিজেকে প্রস্তুত করার কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সঠিক তথ্য ও পরিকল্পনা থাকলে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়া এবং সেখানে ক্যারিয়ার গড়া সম্ভব।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিদেশে পড়ার সময় একাডেমিক পরিবেশের সঙ্গে মানিয়ে চলা এবং সাংস্কৃতিক ভিন্নতার সঙ্গে পরিচিত হওয়া জরুরি। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বাস্তবভিত্তিক পরামর্শ প্রদান করেন।
অনুপ্রেরণা দিতে গিয়ে মোঃ আমান উল্লাহ বলেন,
“নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে আমার অভিজ্ঞতা ভাগ করে নিতে পারা সত্যিই এক অসাধারণ অনুভূতি। আমি চাই শিক্ষার্থীরা আরও বড় স্বপ্ন দেখুক এবং আত্মবিশ্বাসের সঙ্গে বিদেশে নিজেদের সম্ভাবনা বাস্তবায়নের জন্য প্রস্তুত হোক।”
অনুষ্ঠানের শেষে কম্পিউটার সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. সুজন আলী বক্তা মোঃ আমান উল্লাহকে সম্মাননা স্মারক প্রদান করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোর মিছিল/আ/মু




