News

দর্শকদের নব্বই দশকে নিয়ে যাবে মুনতাসিরের ‘চিরকুট’

নব্বই দশকের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মুনতাসির আকিব। নাম ‘চিরকুট’, ফিল্ম ম্যানিয়ার প্রযোজনায় এই চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্য করেছেন তিনি।

সিনেমায় দেখা যাবে নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জীবনে শিক্ষার্থীদের বন্ধুত্ব, প্রেম ও ভালোবাসার গল্প। এর মধ্যে সে সময়ের একটি সত্য ঘটনার স্মৃতিও তুলে ধরা হবে। আগামী দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছে সিনেমাটি।

এই সিনেমার শুটিং হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। যেখানে পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ২৫০ থেকে ৩০০ শিক্ষার্থী এতে অভিনয় করেছেন।

সিনেমাটি নিয়ে নির্মাতা মুনতাসির বলেন, ‘আমাদের গল্প নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের। সে সময়টি পুনর্নির্মাণ করা ছিল এক বিরাট চ্যালেঞ্জ। সময়ের ব্যবধানে সবকিছুই পরিবর্তন হয়েছে। সকলের প্রচেষ্টায় শতভাগ ফুটিয়ে তুলতে কোনো কমতি রাখা হয়নি। এখন মুক্তির পর দর্শক কতটা নব্বইতে ফিরে যাবে সেটিই দেখার বিষয়।’

‘চিরকুট’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিমি, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, সঞ্জিব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজনসহ আরও অনেকে।

নস্টালজিয়ায় ঘেরা এই সিনেমার আবহ তৈরি করতে দারুণ ভূমিকা রাখছে এর সংগীত। ‘চিরকুট’-এ রয়েছে বৈচিত্র্যময় ৪টি গান, যেগুলোতে কণ্ঠ দিয়েছেন এখনকার সময়ের জনপ্রিয় শিল্পী রেহান রাসুল, মাশা, মেহেদী সরকার ও স্নেহাশিস চক্রবর্তী অভি। এ ছাড়া আবহসংগীত করেছেন অভিষেক ভট্টাচার্য এবং মিক্স মাস্টারে ছিলেন এ জেড ইশরাক।

source: Asia Post

Back to top button