News

ছাত্রদল নেতা শাকিলের জানাজার পর শপিংমলে ভাঙচুর-লুটপাট

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজার পর আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনের মালিকানাধীন ‘রাশ মেগা মলে’ ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে শপিং মেগা মলটিতে এ ঘটনা ঘটে।

এতে প্রায় ৫ কোটি টাকার মালামাল লুটপাটের অভিযোগ। ঘটনার পর শপিংমল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে গত ১৪ অক্টোবর দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঢাকার পিজি হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার রাত ৯টার দিকে গুরুদাসপুরের জোহা কলেজ মাঠে শাকিলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শতাধিক মানুষজন চাঁচকৈড় বাজারে অবস্থিত রাশ মেগা মলে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শপিংমল এলাকায় পুলিশ মোতায়েন করেন।

এদিকে, শপিংমলের স্বত্বাধিকারী আমেরিকা প্রবাসী রাসেল হোসাইন অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই একটি মহল বিভিন্নভাবে এটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে আসছিল। শাকিলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ওই মহল সেই সুযোগ নিয়েছে। এ ঘটনায় তার প্রায় ৫ কোটি টাকার মালামাল লুট হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘সংবাদ পেয়ে শপিংমল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

source: Asia Post

Back to top button