News

বট দিয়ে ট্রেনের টিকিট হাতিয়ে কালোবাজারে বিক্রি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

স্বয়ংক্রিয় বট ব্যবহার করে রেলওয়ের ই-টিকিটিং সিস্টেম থেকে বিপুল সংখ্যক টিকিট কৃত্রিমভাবে ব্লক করে নেওয়া হয়েছে। এরপর এসব টিকিট অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে একটি অননুমোদিত ওয়েবসাইটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এ ঘটনায় ওয়েবসাইটটি বাংলাদেশ থেকে ব্লক করা, জড়িতদের গ্রেপ্তার এবং ই-টিকিটিং ব্যবস্থার নিরাপত্তা জোরদারে উদ্যোগ নিয়েছে রেলওয়ে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমানের সই করা পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি ‘bookmyrailbd.com’ নামে একটি অননুমোদিত ও অবৈধ ওয়েবসাইট স্বয়ংক্রিয় বট ব্যবহার করে রেলওয়ের ই-টিকিটিং সিস্টেম থেকে বিপুল সংখ্যক টিকিট কৃত্রিমভাবে ব্লক করছে। পরে এসব টিকিট অতিরিক্ত দামে কালোবাজারে বিক্রি করা হচ্ছে। সাইবার অপরাধের কারণে সাধারণ যাত্রীরা ন্যায্য মূল্যে টিকিট পাচ্ছেন না। একই সঙ্গে এ ঘটনায় সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।

রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের স্বার্থ রক্ষায় ইতোমধ্যে তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে টিকিটিং পার্টনার সহজ লিমিটেডকে ই-টিকিটিং সিস্টেমের নিরাপত্তা জোরদার এবং বট প্রতিরোধে জরুরি কারিগরি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ওই ওয়েবসাইট, ওয়েবসাইটের আইপি ঠিকানা এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ থেকে ব্লক করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এ ছাড়া এই অবৈধ চক্রকে চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চিঠি পাঠানো হয়েছে।

পরামর্শ দিয়ে বাংলাদেশ রেলওয়ে বলেছে, যাত্রীদের শুধু অফিসিয়াল ওয়েবসাইট ‘eticket.railway.gov.bd’ এবং Rail Sheba অ্যাপ থেকে টিকিট কেনার অনুরোধ করা হলো। এ ছাড়া কোনো অননুমোদিত মাধ্যম থেকে টিকিট না কেনার পাশাপাশি কালোবাজারির তথ্য থাকলে রেলওয়ে কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

source: Asia Post

Back to top button