News

ইসরায়েলে সরকার গঠনে নতুন সমীকরণ, জোট বাঁধলেন আইজেনকট-লিবারম্যান

ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রচেষ্টায় প্রথম জোট চুক্তি করেছে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টি। গত মাসে অনুষ্ঠিত নির্বাচনের পর গতকাল মঙ্গলবার ডানপন্থি বিরোধী দল ইসরায়েল আওয়ার হোমের সঙ্গে এ সমঝোতায় পৌঁছেছে দলটি।

বার্তা রয়টার্সের খবরে বলা হয়, মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসরায়েল আওয়ার হোমের প্রধান আভিগদর লিবারম্যানের সঙ্গে বৈঠক করেন আইজেনকট। বৈঠক শেষে দুই নেতা জোট চুক্তিতে সই করার বিষয়ে একমত হন। গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর এটিই দেশটিতে প্রথম কোনো জোট চুক্তি।

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন দীর্ঘ ১৯ বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। তবে অন্য কোনো দল বা জোটও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে পারেনি। এ অবস্থায় নতুন সরকার ছাড়াই গত ১০ নভেম্বর শপথ নেয় ইসরায়েলের পার্লামেন্ট নেসেট।

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন সাবেক সেনাপ্রধান আইজেনকট। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাকে এ দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু।

আরো পড়ুন

নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টির সঙ্গে কট্টর ডানপন্থি ও অতি-রক্ষণশীল দলগুলোর জোট নির্বাচনে প্রত্যাশার চেয়ে ভালো ফল করলেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি। ১২০ আসনের নেসেটে এই জোটের আসনসংখ্যা ৫৩।

অন্যদিকে আইজেনকটের মধ্য-ডানপন্থি ইয়াশার পার্টি ও তার সম্ভাব্য জোটসঙ্গীদের আসন রয়েছে ৪৮টি। এর মধ্যে লিবারম্যানের দলও রয়েছে। সরকার গঠনে তাদের সম্ভাব্য সহযোগী হতে পারে ইসরায়েলের আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলো। এসব দলের হাতে রয়েছে ১৯টি আসন। নেতানিয়াহুর বিরোধিতার প্রশ্নে আইজেনকটের সঙ্গে তাদের অবস্থানের মিল রয়েছে।

নির্বাচনে আইজেনকটের দল ২১টি এবং লিবারম্যানের দল ৭টি আসন পেয়েছে। দুই নেতার এই সমঝোতাকে কিছুটা বিস্ময়কর মনে করা হচ্ছে। কারণ, আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধিতা করে আসছিলেন লিবারম্যান।

একই সঙ্গে নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের বিষয়েও আপত্তি ছিল লিবারম্যানের। এর আগে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোই তার প্রধান লক্ষ্য বলে জানিয়েছিলেন তিনি।

সরকার গঠনের জন্য আইজেনকটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাকে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন তিনি। আইজেনকট ব্যর্থ হলে সরকার গঠনের সুযোগ পাবেন নেতানিয়াহু। তিনিও ব্যর্থ হলে আগামী বছর আবার নির্বাচন হবে।

এদিকে ঐক্যের সরকার গঠনের বিষয়ে আইজেনকট, তার ‘পরিবর্তনপন্থি জোটের’ কয়েকটি দল এবং লিকুদ পার্টির মধ্যে আলোচনা চলছে।

অন্যদিকে আটটি আসন পাওয়া বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি জানিয়েছে, আইজেনকটের সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনা স্থগিত করেছে তারা। নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে সম্ভাব্য ঐক্যের সরকার নিয়ে আইজেনকটের আলোচনায় অগ্রগতি এবং ‘পরিবর্তনের সরকার’ গঠনের আলোচনা অচলাবস্থায় পড়ায় দলটি এ সিদ্ধান্ত নিয়েছে।

source: Rajneete

Back to top button