গোপালগঞ্জে অর্থায়নের অভিযোগ, ব্যাংক হিসাব জব্দের তালিকায় যাদের নাম

গোপালগঞ্জে বিভিন্ন নাশকতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নেতা, সাবেক আমলা, জনপ্রতিনিধিসহ শতাধিক ব্যক্তির সন্ধান পেয়েছে সরকারের গোয়েন্দা সংস্থা। এবার সেই অভিযোগে মোট ১০১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারের গোয়েন্দারা।
একই সঙ্গে এসব হিসাবের লেনদেনের তথ্য যাচাই শুরু করেছে সংস্থাটির গোয়েন্দা বিভাগ। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে টিবিএস।
প্রতিবেদনে বলা হয়, ব্যাংক হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক সচিব সিরাজুল হক খান ও তার স্ত্রী। এ ছাড়া গোপালগঞ্জ ও জেলার বিভিন্ন উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক পদধারী নেতারাও রয়েছেন।
এনবিআর সূত্র জানায়, তালিকাভুক্ত ৯৭ জন ব্যক্তি করদাতার মধ্যে সর্বোচ্চ ৩২ জনই কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। এ ছাড়া কাশিয়ানী উপজেলায় ১৯ জন, গোপালগঞ্জ সদরে ১৭ জন, টুঙ্গিপাড়ায় ১৫ জন এবং মুকসুদপুর উপজেলার ১৪ জনের ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দ করা হয়েছে।
আয়কর নথি যাচাই-বাছাই এবং ব্যাংক হিসাব জব্দের এই প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর আর্থিক লেনদেনের স্বচ্ছতা খতিয়ে দেখছে গোয়েন্দারা।
গত তিন দিনে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চিঠি দিয়ে হিসাব জব্দ করা হয়। ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্যসচিব মো. সিরাজুল হক খান ও তাঁর স্ত্রী আশরাফুন নাহার।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
source: Asia Post








