পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, নিয়োগপ্রক্রিয়া যেভাবে

বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার জনবল নিয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে চার হাজার উপপরিদর্শক (এসআই) এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সচিব কমিটির প্রয়োজনীয় অনুমোদনসহ নিয়োগসংক্রান্ত সব প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ফলে যেকোনো সময় ১৪ হাজার পদে নিয়োগ কার্যক্রম শুরু করতে পারবে বাংলাদেশ পুলিশ।
প্রচলিত নিয়ম অনুযায়ী, এসআই পদের অর্ধেক বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এবং বাকি অর্ধেক সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হতো। সে হিসাবে এবার চার হাজার পদের মধ্যে দুই হাজার পদে বিভাগীয় পদোন্নতির সুযোগ থাকার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্তে সব পদেই সরাসরি নিয়োগ দেওয়া হবে। এ জন্য পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে।
এদিকে, সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ৪০০ থেকে ৫০০ কর্মকর্তা নিয়োগ দিতে বিশেষ বিসিএস আয়োজনের পরিকল্পনাও বিবেচনা করছে সরকার।
পুলিশে বড় পরিসরে নিয়োগের সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, বড় নিয়োগ কার্যক্রম শুরু করতে এখন আর কোনো বাধা নেই। ১০ হাজার কনস্টেবল ও চার হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগের বিষয়ে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় এবং সচিব কমিটির অনুমোদনসহ প্রয়োজনীয় সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফলে বাংলাদেশ পুলিশ যেকোনো সময় নিয়োগ কার্যক্রম শুরু করতে পারবে।
কনস্টেবল পদে চলমান নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা গণমাধ্যমকে জানান, এ নিয়োগে সারা দেশ থেকে মোট ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী অনলাইনে আবেদন করেছেন।
তিনি জানান, পুলিশে বর্তমানে দুই হাজার কনস্টেবল পদ শূন্য রয়েছে। এর বাইরে নতুন করে ১০ হাজার কনস্টেবল নিয়োগের অনুমোদন পাওয়া গেছে। চলমান নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমেই শূন্য দুই হাজার পদের পাশাপাশি নতুন অনুমোদিত পদ থেকে আরও চার হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। সে হিসাবে চলমান বিজ্ঞপ্তিতে মোট ছয় হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হতে পারে। বাকি ছয় হাজার পদ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে ধাপে ধাপে পূরণ করা হবে।
এর আগে গত ৯ অক্টোবর সারা দেশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন গ্রহণ শেষ হয় ৩০ অক্টোবর। তবে ওই বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা উল্লেখ করা হয়নি। পদসংখ্যা ছয় হাজার হলে আগের নিয়োগের তুলনায় এবার প্রতিযোগিতা কমবে। গত এপ্রিলের নিয়োগ বিজ্ঞপ্তিতে ২ হাজার ৭০৩টি পদের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ২৬ হাজার প্রার্থী। সে হিসাবে প্রতিটি পদের বিপরীতে প্রতিযোগী ছিলেন ৪৭ জন। এবার ছয় হাজার পদে ১ লাখ ২ হাজার ৬৯৪টি আবেদন বিবেচনায় নিলে প্রতি পদের বিপরীতে গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ১৭ জন।
কনস্টেবল নিয়োগে যেসব ধাপে পরীক্ষা দিতে হবে
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেতে প্রার্থীদের কয়েকটি ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রথমে আবেদনকারীদের প্রাথমিক যাচাই-বাছাই (প্রিলিমিনারি স্ক্রিনিং) করা হয়। এরপর শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা নেওয়া হয়। এসব ধাপে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নিতে হয়। সবশেষে প্রতিটি ধাপের ফলাফল ও নির্ধারিত যোগ্যতা মূল্যায়ন করে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হয়।
এসআই নিয়োগে যেভাবে হবে প্রার্থী বাছাই
উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগের জন্য প্রার্থীদের কয়েকটি ধাপে পরীক্ষা দিতে হবে। প্রথমে আবেদনকারীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হবে। এরপর দৌড়সহ শারীরিক সক্ষমতা যাচাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পরবর্তী ধাপে নেওয়া হবে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার দক্ষতা যাচাই। সবশেষে প্রার্থীদের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা দিতে হবে। এসব পরীক্ষার ফলাফল এবং অন্যান্য যোগ্যতা বিবেচনা করে পুলিশ সদর দপ্তর চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবে।
কনস্টেবল ও এসআই-উভয় পদেই মেধা ও যোগ্যতার পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রার্থীদের বিষয়ে যাচাই-বাছাই করা হবে। আবেদনপত্রে অথবা নিয়োগপ্রক্রিয়ার যেকোনো পর্যায়ে মিথ্যা বা ভুয়া তথ্য দিলে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন বাতিল করা হবে।
এসআই ও কনস্টেবল পদের দায়িত্ব
পুলিশের মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপপরিদর্শক (এসআই)। থানায় সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ, ফৌজদারি মামলার তদন্ত পরিচালনা তাদের অন্যতম প্রধান দায়িত্ব। এ ছাড়া অপরাধ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ, আসামি গ্রেপ্তার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেন তারা।
অন্যদিকে পুলিশের মাঠপর্যায়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কনস্টেবলরা। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন নিরাপত্তামূলক দায়িত্ব পালনে তারা সরাসরি সম্পৃক্ত থাকেন।
বেতন ও সুযোগ-সুবিধা কত
জাতীয় বেতন স্কেল অনুযায়ী, উপপরিদর্শক (এসআই) পদটি দশম গ্রেডের। এ পদে প্রারম্ভিক মূল বেতন ১৬ হাজার টাকা। সর্বোচ্চ মূল বেতন ৩৮ হাজার ৬৪০ টাকা। অন্যদিকে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদটি ১৭তম গ্রেডের। প্রশিক্ষণ শেষে স্থায়ীভাবে নিয়োগ পাওয়ার পর একজন কনস্টেবলের প্রারম্ভিক মূল বেতন ৯ হাজার টাকা, যা সর্বোচ্চ ২১ হাজার ৮০০ টাকা পর্যন্ত হতে পারে।
মূল বেতনের পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী উভয় পদের কর্মকর্তা ও সদস্যরা বাড়িভাড়া, চিকিৎসা, ঝুঁকি, উৎসব, টিফিন ও যাতায়াত ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পান। এ ছাড়া সরকারি খরচে পোশাক, নিজের ও পরিবারের জন্য স্বল্পমূল্যে রেশন এবং উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ রয়েছে। প্রশিক্ষণকালেও নির্ধারিত ভাতা ও আবাসন সুবিধা দেওয়া হয়।
source: Asia Post








