বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, শেখ হাসিনা প্রসঙ্গে রুমিন ফারহানা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, গণমাধ্যম কেবল ২৬টি টেলিভিশন চ্যানেল নয়। এখন প্রত্যেক মানুষের হাতে গণমাধ্যম রয়েছে। যে শুনতে চাইবে, সে শুনবেই। এভাবে কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না।
বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই অভ্যুত্থান দিবসের সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যম শুধু টেলিভিশন চ্যানেলের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রযুক্তির এই যুগে প্রত্যেক মানুষের হাতে গণমাধ্যম রয়েছে। ফলে কেউ যদি শেখ হাসিনার বক্তব্য শুনতে চান, তিনি চাইলে তা শুনতে পারবেন।
তিনি বলেন, শেখ হাসিনার আমলে আদালতের আদেশের মাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারও নিষিদ্ধ ছিল। যদি সেটিকে গণতন্ত্র বলা না যায়, তাহলে বর্তমান পরিস্থিতিকেও গণতন্ত্র বলা কঠিন।
শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা নিয়ে রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক এবং দেশের রাজনীতিতে তার ও তার পরিবারের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে। সব কিছু বিবেচনায় শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারেন।
সাম্প্রতিক ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, এই ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতাকে সামনে এনেছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর ছাত্রসংগঠনের ওপর নিয়ন্ত্রণ কমে যাওয়ার বিষয়টিও এতে প্রতিফলিত হয়েছে।
স্থানীয় বিএনপি উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট করার বিষয়ে এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, বিএনপিকে মেনে নিতে হবে যে জনগণের ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এই বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ অন্যরা।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
source: Asia Post






