News

প্রাতিষ্ঠানিক ডিগ্রিহীন টেকনোলজিস্ট দিয়ে করা হতো রক্ত পরীক্ষা

সিলেটের মিরের ময়দানে অবস্থিত ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। অদক্ষ ও প্রাতিষ্ঠানিক ডিগ্রিহীন টেকনোলজিস্ট দিয়ে রক্ত পরীক্ষা করা এবং স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকায় এই দণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের যাবতীয় অনিয়ম সংশোধনের জন্য সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবন্য ইসলাম ঋতু। এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক মিলাদুর রহমান উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবন্য ইসলাম ঋতু জানান, একজন ভুক্তভোগী রোগী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে ওই ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ জানান। পরে সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ে সেখানে অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, রোগীর করা সব অভিযোগের সত্যতা পাওয়া না গেলেও, অভিযানে দেখা যায় কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই একজন অদক্ষ টেকনোলজিস্ট দিয়ে সেখানে রোগীদের রক্ত পরীক্ষা করানো হচ্ছিল। এ ছাড়া প্রতিষ্ঠানটির লাইসেন্সের মেয়াদও পার হয়ে গেছে। এসব অনিয়মের দায়ে ডায়াগনস্টিক সেন্টারটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং আগামী সাত দিনের মধ্যে সবকিছু সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

source: Asia Post

Back to top button