News

তুরাগে ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে’ ব্যানারসহ আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেপ্তার

রাজধানীর তুরাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারসহ তিন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে তুরাগ থানা-পুলিশ। পুলিশ জানায়, একটি মিছিল আয়োজনের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আশুলিয়া সড়কের প্রত্যাশা ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন মো. কামরুল ইসলাম (২১), মো. হযরত আলী (২০) ও মো. মিতুল হাসান (১৯)। তাদের সবার বাড়ি গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন এলাকায়।

এ বিষয়ে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এশিয়া পোস্টকে বলেন, তুরাগ থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. নুর হোসেন এবং হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন ওরফে কবির উদ্দিন মোল্লার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি মিছিল বের করার প্রস্তুতি চলছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রত্যাশা ব্রিজ এলাকা থেকে আওয়ামী লীগের ব্যানারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, তাদের কাছ থেকে আওয়ামী লীগের ৭ ফুট বাই ৩ ফুট আকারের একটি ব্যানার জব্দ করা হয়েছে। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা বীরের বেশে, ডিসেম্বরে ফিরবে বাংলাদেশে।’

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মোস্তাফিজ।

source: Asia Post

Back to top button