সাভারে স্কুলের প্রধান ফটকের সামনে ব্যাগে মিলল ককটেল

ঢাকার সাভার মডেল থানার পার্শ্ববর্তী অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে পরিত্যক্ত ব্যাগে তিনটি ককটেল শনাক্ত করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ককটেল শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম। এর আগে রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানা সংলগ্ন ওই বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ককটেলভর্তি ব্যাগটি শনাক্ত করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি সাদা রঙের বাজারের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। ব্যাগটির ভেতরে সন্দেহজনক বস্তু লক্ষ্য করে তারা তাৎক্ষণিকভাবে সাভার মডেল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি সাদা বাজারের ব্যাগে লাল স্কস্টেপ পেঁচানো অবস্থায় তিনটি তাজা ককটেল সাদৃশ্য বস্তু দেখা গেছে। তবে সেগুলো এখনও উদ্ধার বা নাড়াচাড়া না করে সতর্কতার সঙ্গে ঘিরে রাখা হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম্ব ডিসপোজাল ইউনিট) এলে পরবর্তী আইনগত ও উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
source: Asia Post







