News

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম, ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ করছে সরকার

তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম ও প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, তরুণদের মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের ঝুঁকি থেকে দূরে রাখা এবং তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে খেলাধুলার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সমন্বয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, এ পরিকল্পনার অংশ হিসেবে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আমিনুল হক। ইউনিয়ন পর্যায়ের ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা এতে অংশ নেওয়ার সুযোগ পাবে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা ও মার্শাল আর্ট—এই ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া উপজেলা পর্যায়ে ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল করতে ক্রীড়া কর্মকর্তা ও শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রতিমন্ত্রী জানান, ৪৯৫টি উপজেলায় ক্রীড়া কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা ক্রীড়া কর্মকর্তা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আটটি খেলার প্রতিটির জন্য তিনজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে, সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার ঝুঁকি কমানো এবং ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সবার জন্য উন্মুক্ত ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে সরকারের পরিকল্পনা জানতে চান।

source: Asia Post

Back to top button