News

আজ লক্ষ্মীপূজা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মীপূজা উদযাপিত হচ্ছে আজ। শারদীয় দুর্গাপূজা শেষে প্রথম পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপূজা হয়। সে জন্য এই পূজাকে কোজাগরী লক্ষ্মীপূজা বলা হয়।

সম্পদ, সৌভাগ্য ও ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভের আশায় ভক্তরা পূজা-অর্চনা ও উপবাসব্রত পালন করেন। পঞ্জিকা অনুযায়ী, আজ (২৫ অক্টোবর) বেলা ১১টা ৫৫ বা ১১টা ৫৯ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে। আগামীকাল সকাল ৯টা ৪১ বা ১০টা ৫০ মিনিটে তা শেষ হবে।

কোজাগরী শব্দের অর্থ ‘কে জেগে আছো’। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এ রাতে যারা জেগে থেকে দেবীর আরাধনা করেন, তারা লক্ষ্মীর কৃপা লাভ করেন। এ কারণে লক্ষ্মীপূজায় রাত জেগে পূজা করার রীতি প্রচলিত আছে। আজ বিকেল থেকে রাত পর্যন্ত দেবীর আরাধনা করা হবে। বিশ্বাস করা হয়, এ রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে ঘোরেন। তাই ভক্তরা রাত জেগে দেবীর আরাধনা করেন।

লক্ষ্মীপূজায় ভক্তরা উপবাস ব্রত পালন করে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। বাঙালি হিন্দু পরিবারগুলো বাড়ির আঙিনায় চালের গুঁড়া দিয়ে দেবী লক্ষ্মীর পায়ের ছাপের আলপনা আঁকেন। লক্ষ্মীপূজার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো- সিঁদুর, ঘট, ধান, মাটি, আম্রপল্লব, ফুল, দূর্বা, তুলসীপাতা, হরীতকী, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, আতপ চাল ও পানি।

এ দিনে ঘরে ঘরে ‘লক্ষ্মীর পাঁচালি’ পাঠ করা হয়। লক্ষ্মীকে নিয়ে বাংলার জনসমাজে বিভিন্ন জনপ্রিয় গল্প প্রচলিত আছে। এই গল্পগুলো পাঁচালি আকারে লক্ষ্মীপূজার দিন পাঠ করা হয়। একে লক্ষ্মীর পাঁচালি বলা হয়।

আশ্বিনী পূর্ণিমা ছাড়াও কেউ কেউ প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর বিশেষ পূজা করে থাকেন। কোনো কোনো অঞ্চলে দীপান্বিতা অমাবস্যায় সন্ধ্যাবেলা লক্ষ্মীপূজার রীতি প্রচলিত আছে।

source: Asia Post

Back to top button