ধর্মীয় পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী

ধর্মীয় পরিচয়ে নয়, বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবার। রাষ্ট্র প্রতিটি নাগরিকের জন্য সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের জেএম সেন হলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, রাজনৈতিক কারণে আমাকে বাধ্য হয়ে ১৭ বছর বিদেশে থাকতে হয়েছে। একজন মুসলমান হিসেবে হয়তো বাংলাদেশে আমি সংখ্যাগুরু। কিন্তু এই দেশের ওপর আপনার যে অধিকার আছে, আমারও ঠিক একই অধিকার রয়েছে। এই রাষ্ট্র আপনাকে যা দেবে, আমাকেও তাই দেবে।
মুক্তিযুদ্ধের চেতনা ও গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছিলেন। সেই যুদ্ধে এবং পরবর্তী সময়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনে কেউ কারও ধর্মীয় পরিচয় জানতে চাননি।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারবিরোধী সেই আন্দোলনে ছাত্র-জনতা, শিশু, তরুণসহ নানা বয়সের মানুষ রাজপথে নেমে এসেছিলেন। বুলেটের আঘাতে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়ার সময় চিকিৎসকেরাও কারও ধর্মীয় পরিচয় বিচার করেননি।
তিনি আরও বলেন, ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়। তবে বাংলাদেশে জন্মগ্রহণ ও বেড়ে ওঠার সুবাদে সবার অভিন্ন পরিচয় হলো—তারা বাংলাদেশের নাগরিক।
একটি সম্প্রীতিময় ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর গণ-অভ্যুত্থান পর্যন্ত যারা জীবন দিয়েছেন, তাদের সবার স্বপ্ন ছিল একটি শান্তিপূর্ণ বাংলাদেশ। আসুন, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলি।
সব শেষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে নতুন বাংলাদেশ গঠনে সবার সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ সংসদ সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
source: Asia Post







