মাগুরায় অবৈধভাবে মজুত ৩২৮ বস্তা সার জব্দ

মাগুরার শ্রীপুরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মামলা করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ২ নম্বর আমলসার ইউনিয়নের আমলসার পূর্বপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে অভিযান শুরু হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে একজনের কাছ থেকে ২৩ বস্তা এবং অপরজনের কাছ থেকে ৩০৫ বস্তা সার জব্দ করা হয়।
স্থানীয় কৃষকরা জানান, বিপুল পরিমাণ সার এভাবে মজুত করে রাখলে স্থানীয় বাজারে কৃত্রিম সংকট তৈরি হবে। কৃষকদের জন্য বরাদ্দ সার অবৈধভাবে মজুত রেখে বেশি দামে বিক্রির চেষ্টা করা হলে কৃষকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হোসেন বলেন, অবৈধভাবে সার মজুত রাখায় ৩২৮ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।
source: Asia Post






