স্বপ্নে মসজিদ দেখলে কী হয়

মানুষ ঘুমের মধ্যে নানা রকম স্বপ্ন দেখে। সত্য ও ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়। তাই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। মন্দ স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে। তখন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। তোমাদের মধ্যে যে ভালো স্বপ্ন দেখে সে যেন আল্লাহর প্রশংসা করে এবং তা মানুষের কাছে প্রকাশ করে।’ (সহিহ মুসলিম, হাদিস: ২২৬১)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘স্বপ্ন তিন প্রকার। এক. শয়তানের পক্ষ থেকে ভীতিজনক স্বপ্ন, যার মাধ্যমে সে আদম সন্তানকে দুঃশ্চিন্তাগ্রস্ত করে। দুই. জাগ্রত অবস্থায় যা নিয়ে মানুষ দুঃশ্চিন্তা করে ঘুমের মধ্যে সে তা স্বপ্নে দেখে। তিন. নবুওয়াতের ৪৬ ভাগের একভাগ বা সত্য স্বপ্ন।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩১৫৫)
মানুষের সব স্বপ্ন সত্যি হয় না। সব স্বপ্ন আবার মিথ্যাও হয় না। কোনো কোনো স্বপ্ন মানুষের জীবনেও প্রভাব ফেলে। স্বপ্নে কখনও মসজিদ দেখেন কেউ কেউ। স্বপ্নে মসজিদে দেখলে কী হয়, তা জানা প্রয়োজন।
আবদুল বিন আবু দাউদ (রহ.) বলেন, এক ব্যক্তি গ্রামে বসবাস করত। সে একটি মসজিদ নির্মাণ করে তাতে সাতটি পাথর রেখেছিল। নামাজ শেষ করে বলত, হে পাথর, তোমাদেরকে আমি সাক্ষী রেখে বলছি, মহান আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। এই ব্যক্তি একদিন অসুস্থ হয়ে মারা যায়। আমি তাকে স্বপ্নে দেখতে পেলাম, সে বলছিল, আমার সম্পর্কে জাহান্নামের ফায়সালা হয়েছিল। আমি দেখতে পেলাম, ওই পাথরগুলো থেকে একটি পাথর বড় হয়ে জাহান্নামের একটি দরজা বন্ধ করে দিয়েছে। তেমনি অন্যান্য পাথরও বড় হয়ে জাহান্নামের সমুদয় দ্বার বন্ধ করে দিল।
শায়খ আবু সাদ (রহ.) বলেন, স্বপ্নে আবাদি ও মজবুত মসজিদ দেখার ব্যাখ্যা হলো, এমন এক আলেম, যার কাছে মানুষ বরকত এবং আল্লাহর জিকিরের জন্য সমবেত হবে। কেননা মহান আল্লাহ বলেছেন, ‘মসজিদগুলোতে আল্লাহ তাআলার নাম অধিক স্মরণ করা হয়।’ (সুরা হজ, আয়াত: ৪০)
স্বপ্নে মসজিদ বিধ্বস্ত হয়ে গেছে দেখার ব্যাখ্যা হলো, এলাকার কোনো দ্বীনদার নেতা মৃত্যুবরণ করবে। মসজিদ তৈরি করতে দেখলে, নিকটাত্মীয়ের সঙ্গে সদ্ব্যবহার করবে। মানুষকে কল্যাণের ওপর সমবেত করবে। মসজিদ নির্মাণ শত্রুদের ওপর বিজয়ের আলামত। কেননা মহান আল্লাহ বলেছেন, ‘তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হলো, তারা বলল, আমরা অবশ্যাই তাদের স্থানে মসজিদ নির্মাণ করব।’ (সুরা কাহাফ, আয়াত: ২১)
স্বপ্নে যে কোনো অপরিচিত লোককে মসজিদে ইমামতি করতে দেখলে, আর ওই মসজিদের ইমাম যদি অসুস্থ থাকে, তা হলে সে মারা যাবে। মসজিদ গোসলখানায় রূপান্তরিত হয়েছে দেখলে স্বপ্নদ্রষ্টা একজন দুরাচারী লোক হবে, যে গোপনে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত।
স্বপ্নদ্রষ্টার ঘর মসজিদে রূপান্তরিত হয়েছে দেখলে সম্মান লাভ করবে। মানুষকে অন্যায় থেকে ন্যায়ের পথে ডাকবে। যদি দেখে, স্বপ্নদ্রষ্টা কিছু লোকের সঙ্গে মসজিদে প্রবেশ করেছে এবং লোকেরা তার জন্য একটি গর্ত খনন করেছে, তা হলে সে বিয়ে করবে। (সূত্র: আল্লামা ইবনে সিরিনের ‘স্বপ্নের ব্যাখ্যা’ বই থেকে সংক্ষেপিত)।
source: Asia Post







