হারের পর মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়েও প্রশ্ন তুললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের পর তাৎক্ষণিকভাবে ফলাফল মেনে নেওয়ার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সপ্তাহ পার না হতেই সুর বদলে গেছে তার, প্রশ্ন তুলেছেন ভোটের ফল নিয়ে।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ভোট গণনায় অনিয়ম ও ভোটযন্ত্রের নির্ভরযোগ্যতা নিয়ে অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়েছেন তিনি। এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পরও নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘এই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে কি সত্যিই কেউ বিশ্বাস করে?’
নির্বাচনের পূর্বাভাসের সঙ্গে ফলের এত বড় পার্থক্য কীভাবে হলো, সে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তার দাবি, আগাম ভোট গণনার কিছু বড় ‘ব্যাচ’ এমনভাবে প্রকাশ করা হয়েছিল, যেন ভোটাররা যতই ভোট দিক না কেন, জয় পাওয়া অসম্ভব হয়ে পড়ে।
এর পাশাপাশি ভোটযন্ত্রের নির্ভরযোগ্যতা নিয়েও পুরোনো অভিযোগ পুনরায় সামনে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ভাষ্য, ভোটারের চেয়ে ভোট গণনার যন্ত্রই এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে ভোট কারচুপি বা যন্ত্রের মাধ্যমে ফল প্রভাবিত করার পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।
মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশের আগে থেকেই ট্রাম্প ও তার রিপাবলিকান মিত্ররা ফল চ্যালেঞ্জ করতে পারেন— এমন আশঙ্কা ছিল ভোটাধিকার নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের। তবে নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর প্রাথমিকভাবে ফল মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প।
নির্বাচনের পর মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাওয়া ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে তার প্রশাসন প্রস্তুত। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুপক্ষের মধ্যে সমঝোতা হতে পারে। একই সাক্ষাৎকারে নির্বাচনের ফল মেনে নিতে তিনি ‘সম্পূর্ণ প্রস্তুত’ বলেও জানিয়েছিলেন।
কিন্তু সেই অবস্থান থেকে সরে এসে এখন ফলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট— দুই কক্ষেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এতে ট্রাম্প প্রশাসনের আইন প্রণয়ন ও অভ্যন্তরীণ নীতিনির্ধারণে চাপ বাড়বে। বিশেষ করে কংগ্রেসে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের ওপর নজরদারি ও তদন্তের সুযোগ তৈরি করবে।
এমন পরিস্থিতিতে নির্বাচনের ফল নিয়ে ট্রাম্পের নতুন বক্তব্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজন আরও বাড়াতে পারে। তবে এখন পর্যন্ত তার অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ সামনে আসেনি।
source: Rajneete






