সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনা করবেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড ও ভাতা নির্ধারণ, পরিবর্ধন ও পরিমার্জন পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আরও চারজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
কমিটিকে বেতন স্কেলের বিভিন্ন অসংগতি নিয়ে পাওয়া অভিযোগ পর্যালোচনা করে সেগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন ও সামঞ্জস্য বিধানের বিষয়েও সুপারিশ করবে কমিটি।
এ ছাড়া ভবিষ্যতে ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা নতুন করে চালু করা, ভাতার হার হ্রাস বা বৃদ্ধি এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় পর্যালোচনা করে সুপারিশের দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে।
আরও বলা হয়, পর্যালোচনা কমিটিকে সহায়তা করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসনসচিব, অর্থ বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবরা। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে।
অর্থ বিভাগ বেতন গ্রেড ও ভাতা নির্ধারণ, পরিবর্ধন ও পরিমার্জন পর্যালোচনা কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
source: Asia Post






