৭২ ঘণ্টার মধ্যে পাঁচ জেলায় বন্যার শঙ্কা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তা এবং দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বন্যা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিন সিলেট ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি-ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া তৃতীয় দিনে রংপুর বিভাগ ও তার আশপাশের উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে, যা আগামী তিন দিন পর্যন্ত বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু পয়েন্টে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এর ফলে সিলেট জেলার কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকবে। এর প্রভাবে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এ ছাড়া যমুনা, পদ্মা, সোমেশ্বরী, মুহুরী ও গোমতীসহ দেশের অন্যান্য নদ-নদীর পানি বাড়তে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
source: Asia Post







