নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনে মিলল লুট হওয়া পিস্তল

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া পুলিশের একটি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১১। এ সময় পিস্তলের সঙ্গে ম্যাগাজিনসহ আরও কয়েকটি সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার কাঠেরপুল এলাকার ওই নির্মাণাধীন ভবনের ছাদে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত উদ্ধার করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। ভবনটি ছিনতাই ও মাদকসেবীদের আড্ডা হিসেবে ব্যবহৃত হওয়ার তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ভবনে থাকা কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়।
পরে ভবনের ছাদে তল্লাশি চালিয়ে একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি ও একটি হ্যান্ডমাইক উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে, উদ্ধার করা পিস্তলটি জুলাই গণঅভ্যুত্থানের সময় একটি থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
source: Asia Post







