News

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, সন্দেহভাজনের বাড়িতে মিলল ৩ মরদেহ

পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোর ব্যস্ত পর্যটনকেন্দ্রে বন্দুকধারীর ভয়াবহ হামলায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জনের বেশি মানুষ। হামলাকারী উগ্র ডানপন্থী মতাদর্শে অনুপ্রাণিত এবং চরম জাতীয়তাবাদী বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে ক্রাকোর জনপ্রিয় পর্যটন এলাকা মেইন মার্কেট স্কয়ারে গাড়ি নিয়ে প্রবেশ করেন ২৫ বছর বয়সী ওই হামলাকারী। এ সময় তার পরনে সামরিক বাহিনীর পোশাকসদৃশ সরঞ্জাম ছিল এবং তিনি এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন।

বিবিসি সূত্রে জানা গেছে, পরবর্তীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারী আহত হন এবং তাকে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় একজন পুলিশ সদস্যও গুরুতর আহত হয়েছেন।

এদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, ক্রাকো থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে সন্দেহভাজন ওই হামলাকারীর বাড়িতে তল্লাশি চালিয়ে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। তারা সন্দেহভাজনের পরিবারের সদস্য হতে পারেন বলে জোরালো ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরো পড়ুন

প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত পোল্যান্ডে এ ধরনের ভয়াবহ সন্ত্রাসী ঘটনা ঘটেনি। ক্রাকোতে মানুষের জীবনের ওপর চালানো এই নিষ্ঠুর হামলাকে একটি সন্ত্রাসী কর্মকাণ্ডই বলতে হবে।’

উল্লেখ্য, মেইন মার্কেট স্কয়ারে হামলায় নিহত ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। এদের মধ্যে তিনজন পোল্যান্ডের নাগরিক এবং একজন ব্রিটিশ নাগরিক। বাকি দুজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

source: Rajneete

Back to top button