‘ককরোচ’ সৌরভকে লন্ডন যেতে বাধা, ফিরিয়ে দেওয়া হলো ইমিগ্রেশন থেকে

ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনে আটকে দেওয়ায় লন্ডন যেতে পারেননি ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস। ইমিগ্রেশন থেকে তাকে জানানো হয়, তার পাসপোর্ট ‘ফ্ল্যাগড’। তবে এর কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি।
বিবিসির খবরে বলা হয়েছে, সৌরভ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার লন্ডন যেতে না পারার কথা জানিয়েছেন। সোমবার দিবাগত রাত ১টার ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তার। সেখানে অক্সফোর্ড ইউনিয়নসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল।
এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দিল্লি পুলিশ বা বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। বিবিসি যোগাযোগ করলে মন্ত্রণালয়ের এক মুখপাত্র মন্তব্যের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ ও দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলেন। সেসব জায়গা থেকেও কোনো উত্তরে মেলেনি।
সৌরভ দাস এক্সে লিখেছেন, অক্সফোর্ড ইউনিয়ন তাকে তরুণ প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন নিয়ে কথা বলার আমন্ত্রণ জানিয়েছিল। ক্যামব্রিজ ও এডিনবরার কয়েকটি বিশ্ববিদ্যালয়েও বক্তব্য দেওয়ার কথা ছিল তার। তিনি অভিযোগ করেন, ভারতীয় শিক্ষার্থীরা অনুষ্ঠান আয়োজনের জন্য অনেক পরিশ্রম করলেও সরকার তার বিদেশযাত্রা ঠেকিয়েছে।
এদিকে লন্ডন স্কুল অব ইকোনমিকসের শিক্ষার্থী ইউনিয়নের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউনিট মঙ্গলবার ইনস্টাগ্রামে জানিয়েছে, সৌরভ দাসকে নিয়ে তাদের একটি অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
সিজেপির আরেক নেতা রত্না সিংও এক্সে লিখেছেন, তাকে ও সৌরভকে অক্সফোর্ড ইউনিয়ন আমন্ত্রণ জানিয়েছিল। তবে কয়েক দিন আগেই তার ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হয়। সেই সঙ্গে সৌরভকে ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়ার ঘটনাকে মতপ্রকাশের স্বাধীনতা হরণ ও তরুণদের কণ্ঠস্বরকে দমিয়ে রাখার প্রবণতা হিসেবে উল্লেখ করেন তিনি।
সাবেক সাংবাদিক সৌরভ দাস চলতি বছরের শুরুতে জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্য দিয়ে পরিচিতি পান। ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করা সিজেপি পরে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে।
জুলাইয়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সিজেপির নেতৃত্বে বিক্ষোভের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। অক্টোবরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে বিক্ষোভের সময় সৌরভসহ হাজারও মানুষকে আটক করে পুলিশ।
ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে ওই বিক্ষোভ হলেও জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশন অভিযোগ অস্বীকার করেছে। একই মাসে দিল্লিতে নিষিদ্ধ বিক্ষোভস্থলে প্রবেশের অভিযোগে দাস ও সিজেপির আরেক নেতা আশুতোষ রানকাকে গ্রেপ্তার করে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এক্সে লিখেছেন, সৌরভ যদি ব্যাংক লুট বা আর্থিক জালিয়াতি করতেন, তাহলে হয়তো লন্ডনে যেতে পারতেন। ভারতে ঋণখেলাপি ধনীদের বিদেশে চলে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।
এর আগে ভারতের আরও কয়েকজন নাগরিককে বিদেশযাত্রার সময় বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে পরিবেশ ও বাঁধবিরোধী আন্দোলনের কর্মী ভানু টাটককে আয়ারল্যান্ডের ডাবলিনগামী উড়োজাহাজে উঠতে দেওয়া হয়নি।
২০২২ সালের মার্চে অনুসন্ধানী সাংবাদিক ও মোদি সরকারের সমালোচক রানা আয়ুবকেও মুম্বাই বিমানবন্দরে লন্ডনগামী ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয়েছিল। মিডিয়ার স্বাধীনতা ও সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার বিষয়ে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিতে যাচ্ছিলেন তিনি।
source: Rajneete







