অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে নীরবে নষ্ট হচ্ছে কিডনি, আগাম সচেতনতায় জোর

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের অন্যতম বড় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে কিডনি। অনেক ক্ষেত্রেই আক্রান্ত রোগীর কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি শুরুতে অজানা থেকে যায়। এমতাবস্থায় ডায়াবেটিসের জটিলতা এড়াতে আগাম সচেতনতা ও প্রতিরোধ ও স্বাস্থ্য জীবনব্যবস্থায় জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) আয়োজিত ডায়াবেটিস দিবস উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে বৈশ্বিক ও দেশে ডায়াবেটিস বাড়ার কারণ, প্রতিকারে করণীয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এন্ডোক্রাইনলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুরজাহান বানু উর্মি।
এনডিএফর সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেনের সঞ্চালনায় ও সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সদস্য (সংরক্ষিত) ডা. মাহমুদা আলম মিতু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সভাপতি প্রতীক ইজাজ এবং প্যানেলিস্ট হিসেবে ইবনে মেডিকেল কলেজের ভাস্কুলার সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জিএম মকবুল হোসেন।
আলোচকরা বলেন, ডায়াবেটিস হচ্ছে মাদার অব অল ডিজিজেস। ইটস অ্যা সাইলেন্ট কিলার। কমিউনিকেবল ডিজিজ থেকে মুক্তি পেলেও। নন-কমিউনিকেবল ডিজিজ বানের মতো ভেসে আসছে।
তারা বলেন, প্রিভেনশন ইজ বেটার অ্যান্ড চিপার দেন ট্রিটমেন্ট। কমপ্লিকেশন টাকা দিয়ে মেরামত করা সম্ভব না। ডায়াবেটিসের কমপ্লিকেশন শুরু হলে কখনই নরমাল লাইফে ফিরে আসা যায় না। ট্রিটমেন্টের একটা বড় অংশই লাইফস্টাইল।
চিকিৎসকরা বলেন, ডায়াবেটিসের আক্রমণের অন্যতম লক্ষ্য হচ্ছে কিডনি। অনিয়ন্ত্রিত থাকলে আক্রান্তরা ৭ থেকে ১০ বছর পরে কিডনি আক্রান্ত হয়। এই আক্রান্ত কিডনি অজানা থেকে যায়। এটি ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য একটি বড় সমস্যা।
প্যানেল আলোচকরা আরও বলেন, ডায়ালাইসিস না পেলে বেঁচে থাকতে পারবেন না, এমন রোগীদের ৫০ শতাংশেরই কারণ ডায়াবেটিস। ডায়াবেটিস মোকাবিলা করতে পারলে কিডনি রোগীর বোঝা কমানো সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেন, আমরা সবাই স্ট্রেসফুল লাইফ লিড করছি, যা আমাদের বডির সবকিছু অল্টার করে দিচ্ছে, যার ফলে ডায়াবেটিসের মতো রোগগুলো হচ্ছে। বিশ্বে প্রতি ৯ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে ১০০ জনে ৪৩ জনই জানে না তারা ডায়াবেটিসে আক্রান্ত।
তিনি বলেন, একটা হচ্ছে যে মানুষ জানে না তার ডায়াবেটিস আছে, আর যারা জানে তারাও স্ট্রেসফুল লাইফ লিড করে। ঠিকমতো ওষুধ নিতে পারে না। এই পরিবেশ থেকে আমরা বের হয়ে আসতে পারছি না।
অনিয়মিত রোগীদের শনাক্ত করা একটা চ্যালেঞ্জ উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, গ্রামেও প্রচুর মানুষের ডায়াবেটিস হচ্ছে। একদম গ্রামাঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে। সে জন্য সচেতনতামূলক প্রোগ্রাম এবং শনাক্ত করে কাউন্সেলিং করার প্রয়োজন আছে। কমিউনিটি স্ক্রিনিং, বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা এবং বিনামূল্যে বা স্বল্পমূল্যে পরীক্ষাটা জরুরি।
দেশে খেলার মাঠ নাই, খাদ্যে ভেজাল ডায়াবেটিস বৃদ্ধির বড় কারণ উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, শিশুরা খেলতে পাচ্ছে না। এদিকে সরকারের নজর দিতে হবে। এক্ষেত্রে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়কে দায় দিলে হবেনা। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়গুলোকেও অ্যাড্রেস করতে হবে।
source: Asia Post








