News

ইয়াবার চালানসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবা চালানের সময় ছাত্রদল নেতা রবিউল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে নুন্দহ-মুরাদপুর সড়কে র‍্যাবের চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিউল ইসলাম নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহসভাপতি। তার ব্যাগ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১২ জানায়, নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলের সময় গোপন সংবাদের মাধ্যমে ইয়াবা পরিবহনের খবর পাওয়া যায়। বলা হয়, এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে নুন্দহ গ্রামের দিকে ইয়াবা নিয়ে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে নুন্দহ গ্রামের মোজাম্মেলের বাড়ির সামনে চেকপোস্ট বসানো হয়।

রাত ৯টার দিকে ওই চেকপোস্টে নম্বরবিহীন অটোরিকশাটি এলে র‍্যাব সদস্যরা সেটি থামান। অটোরিকশায় রবিউল ছাড়া আর কোনো যাত্রী ছিলেন না। তার আচরণ সন্দেহজনক মনে হলে ব্যাগ তল্লাশি করতে চায় র‍্যাব। এসময় ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করেন তিনি। পরে ব্যাগ খুলে ১ হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। তার কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকাও জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক এশিয়া পোস্টকে বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। ইতোমধ্যে তাকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

source: Asia Post

Back to top button