News

আমরা ১০ হাজার মানুষকে বিনাখরচে মালয়েশিয়া পাঠাব: প্রধানমন্ত্রী

মালয়েশিয়াগামী কর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য একটা স্মরণীয় দিন আজ। আমরা ১০ হাজার মানুষকে বিনাখরচে মালয়েশিয়া পাঠাব। আমি মালয়েশিয়ার সরকারকে ধন্যবাদ জানাই।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিনা খরচে ১১২ কর্মীর মালয়েশিয়া যাত্রার উদ্বোধন কালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। সরকারপ্রধান বলেন, ‘আমরা বিদেশগামী কর্মীদের দক্ষ করার পরিকল্পনা করেছি।’

Advertisement

মালয়েশিয়াগামী কর্মীদের প্রধানমন্ত্রী বলেন, ‘দয়া করে সংশ্লিষ্ট দেশের আইনকানুন মেনে চলবেন। আপনার আচরণের মাধ্যমে তারা বাংলাদেশকে বিচার করবে।’ এ সময় তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে সকলকে কাজ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে সরকার পদক্ষেপ নিচ্ছে। কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়েও সরকার কাজ শুরু করবে।

আরো পড়ুন

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন এই আশা করি।

দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে কর্মী পাঠানোর এই কার্যক্রম শুরু হলো।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে এসব কর্মীকে নির্বাচিত করা হয়েছে।

তারা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। পাশাপাশি নিয়োগকর্তার পক্ষ থেকে তাঁদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে।

কর্মীদের অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান।

এই কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

source: Asia Post

Back to top button