স্মৃতি, সম্মান আর ভালোবাসায় প্রবীণদের এক দিন

জীবনের দীর্ঘ পথ পেরিয়ে যারা পরিবার, সমাজ ও সংস্কৃতির ভিত্তি গড়ে দিয়েছেন, তাদের সম্মান জানাতে কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হয়েছে ‘প্রবীণ উৎসব’। প্রবীণেরা পরিবারের বোঝা নন, তারা ইতিহাসের জীবন্ত সাক্ষী, ঐতিহ্যের ধারক ও অভিজ্ঞতার উৎস এই ভাবনাকে সামনে রেখে আয়োজন করা হয় দিনব্যাপী এ উৎসবের।
‘প্রিমিয়াম হোমস-আগামীর সময়: শিকড়ের টানে প্রবীণ উৎসব ২০২৬’ শীর্ষক এ আয়োজন গত ২৪ অক্টোবর কুমারখালীর আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ উৎসবের আয়োজন করে জাতীয় দৈনিক আগামীর সময়, আগামীর সময় গোল্ড ক্লাব এবং কুমারখালী মিলনায়তন ও স্বেচ্ছাসেবী সংস্থা। এতে কুমারখালী উপজেলার ৭০ বছর ও তার বেশি বয়সী বিভিন্ন শ্রেণি-পেশার প্রবীণ নাগরিকেরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ৯৯ বছর বয়সী প্রবীণ নাগরিক মকছেদ আলী আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন।
উদ্বোধনের পর কুমারখালী সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুলের পাপড়ি ছিটিয়ে ও গোলাপ ফুল দিয়ে প্রবীণ ও অতিথিদের বরণ করে নেন। উৎসব কমিটির স্বেচ্ছাসেবকেরা নিবন্ধিত প্রবীণ নাগরিক ও অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন। এ সময় বয়োজ্যেষ্ঠদের অনেকের চোখেমুখে ফুটে ওঠে আনন্দ ও তৃপ্তির ছাপ। পরে সংগীত বিদ্যালয়ের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘ধনধান্য পুষ্পভরা’ গানটি।
সংগীত পরিবেশনার পর মঞ্চস্থ হয় নাটিকা ‘নিজস্বী’। এরপর নবীন ও প্রবীণের জীবনের মেলবন্ধন তুলে ধরে ঐতিহ্যবাহী সুর ও ছন্দে পুঁথি পাঠ করেন মজিবর রহমান। প্রবীণদের না-বলা আকুতি ও জীবনবোধ নিয়ে ‘সুদের পুড়ানি’ কবিতাটি আবৃত্তি করেন ফয়সল আহমেদ ডালিম। সাবেক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রহমান আজিজ নিজের লেখা কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
প্রবীণদের শৈশব ও কৈশোরের স্মৃতি ফিরিয়ে আনতে হলঘরের এক পাশে আয়োজন করা হয় পুরোনো দিনের সামগ্রীর প্রদর্শনী। সেখানে রাখা হয় তলোয়ার, অ্যানালগ রেডিও, ট্রানজিস্টরসহ অতীতের নানা স্মৃতিচিহ্ন।
চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা
সমাজ ও জাতীয় জীবনে অবদানের স্বীকৃতি হিসেবে উৎসবে চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক দেওয়া হয়। ‘রত্নগর্ভা মা’ সম্মাননা পান শতবর্ষী আমেনা খাতুন। নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি তার সন্তানদের সমাজে প্রতিষ্ঠিত করেছেন। অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন জ্যেষ্ঠ ছেলে, সাবেক শিক্ষা সচিব কাজী আখতার হোসেন। তার হাতে স্মারক তুলে দেন চিকিৎসাবিদ অধ্যাপক ডা. এস আর খান।
‘রত্নৌরস’ সম্মাননা দেওয়া হয় ১৮৫৬ সালে প্রতিষ্ঠিত কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহা. আব্দুল মুত্তালিবকে। তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন দৈনিক আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন।
দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে দরিদ্র মানুষের বিনা মূল্যে চোখের ছানি চিকিৎসা দিয়ে আসায় ‘মানবসেবায় আলোকবর্তিকা’ সম্মাননা পায় কুমারখালী অন্ধ কল্যাণ সমিতি। প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে স্মারক তুলে দেন আগামীর সময় গোল্ড ক্লাবের পরিচালক সাইদুজ্জামান রওশন।
চিকিৎসাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘চিকিৎসাবিজ্ঞানের অগ্রদূত’ সম্মাননা দেওয়া হয় বাংলাদেশের প্রথম ওপেন হার্ট সার্জন ও প্রখ্যাত কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. এস আর খানকে। তার হাতে স্মারক তুলে দেন মোস্তফা মামুন।
উৎসবে শ্রেণি-পেশার ভেদাভেদ ভুলে নিজেদের জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। তাদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক আমলা, শিক্ষক, কবি-সাহিত্যিক, গবেষক, সাংবাদিক ও ব্যবসায়ী। পাশাপাশি কৃষক, তাঁতি, শ্রমজীবী, পরিচ্ছন্নতাকর্মী ও পিছিয়ে পড়া নৃগোষ্ঠীর প্রবীণ সদস্যরাও স্মৃতিচারণ করেন।
স্বাগত বক্তব্যে কুমারখালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুমারখালী মিলনায়তন ও স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি নাভিন সরোয়ার বলেন, প্রবীণরা আমাদের সমাজের অমূল্য সম্পদ। তাদের দীর্ঘজীবনের অভিজ্ঞতা ও প্রজ্ঞা সমাজ গঠনের মূল ভিত্তি। উপজেলা প্রশাসন সর্বদা প্রবীণদের অধিকার ও সামাজিক মর্যাদা অক্ষুণ্ন রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
কুমারখালী মিলনায়তনের সাধারণ সম্পাদক মোহা. আব্বাস উদ্দিন বলেন, প্রবীণরা আমাদের শিকড়। তারা যেন শেষ বয়সে অবহেলা বা একাকিত্ব বোধ না করেন, সেদিকে খেয়াল রাখা আমাদের নৈতিক দায়িত্ব।
দৈনিক আগামীর সময় গোল্ড ক্লাবের পরিচালক দন্ত্যস রওশন বলেন, প্রবীণদের যত্ন, ভালোবাসা ও সম্মান দেওয়ার দায়িত্ব তরুণদের। তরুণেরা প্রবীণদের যথাযথ মর্যাদায় রাখবেন এমন সমাজ দেখতে চায় গোল্ড ক্লাব।
কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি ও অনুষ্ঠানের কো-স্পনসর মতিউর রহমান লাল্টু বলেন, প্রবীণেরা পরিবার ও সমাজের অভিভাবক এবং অভিজ্ঞতার অমূল্য ভান্ডার। তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন বলেন, প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শন কোনো করুণা নয়, এটি তাদের প্রাপ্য অধিকার। জীবনের শেষভাগে এসে তারা যেন একাকিত্বের শিকার না হন, তা নিশ্চিত করা আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব।
প্রধান আলোচক অধ্যাপক ডা. এস আর খান বলেন, শারীরিক অসুস্থতার চেয়ে প্রবীণেরা মানসিক একাকিত্বে বেশি ভোগেন। নতুন প্রজন্মকে তাদের প্রতি আরও সংবেদনশীল হতে হবে। প্রবীণদের সময় দেওয়া এবং বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি।
উৎসবে অংশ নেওয়া প্রত্যেক প্রবীণ নাগরিককে উপহার, চকলেট ও সম্মাননা পদক দেওয়া হয়। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনা মূল্যে স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়। সেখানে রক্ত পরীক্ষা, চোখ পরীক্ষা ও সাধারণ স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
বিকেলের দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় পুরোনো দিনের স্মৃতিকাতর গান ও লালনগীতি। গান পরিবেশনা ও উপহার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় উৎসব।
উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি ও নাট্যকার লিটন আব্বাস এবং মীর রনি। আয়োজনে কো-স্পনসর হিসেবে সহযোগিতা করে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি (মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিস হাসপাতাল), ড. নাসের ফাউন্ডেশন, মধুস ফ্যাশন, ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতাল এবং সেন্টার ফর গ্রিন ইমপালস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক আগামীর সময়ের কুষ্টিয়া জেলা প্রতিনিধি কাজী সাইফুল ও তাবাসসুম মায়েশা।
source: Asia Post







