News

বিদেশে কর্মী নিয়োগে বোয়েসেলের লটারি যেভাবে হয়

সরকারিভাবে স্বল্প খরচে, অথবা বিনা খরচে এবং নিরাপদে বিদেশে কর্মী পাঠানোর একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ থাকায় কর্মীদের আগ্রহ থাকে তুঙ্গে।

তবে চাহিদা ও নির্ধারিত কোটার তুলনায় আবেদনকারীর সংখ্যা কয়েক গুণ বেশি হলে এবং নিয়োগকর্তা প্রতিষ্ঠানের চাহিদা থাকলে প্রার্থী নির্বাচনে বোয়েসেল সম্পূর্ণ ডিজিটাল ও স্বয়ংক্রিয় পদ্ধতি অনুসরণ করে থাকে। আর লটারির বিষয়টা সংশ্লিষ্ট দেশ ও নিয়োগকর্তা প্রতিষ্ঠানের ইচ্ছার ওপর নির্ভর করে। তারা চাইলে লটারি হয়, অন্যথায় হয় না।

Advertisement

বিদেশগামী অনেক কর্মীর মনেই কৌতূহল থাকে, বিদেশ যাওয়ার ক্ষেত্রে বোয়েসেলের এই প্রক্রিয়া কীভাবে পরিচালিত হয়? এর স্বচ্ছতা কতটুকু? লটারি হলে নাম ওঠার পর কী করতে হয়? এশিয়া পোস্টের পাঠকদের জন্য বোয়েসেলের ভিসা প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য নিচে তুলে ধরা হলো—

কেন লটারি করা হয়

আরো পড়ুন

সাধারণত নিয়োগদাতা দেশ ও প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী প্রতিটি খাতে নির্দিষ্টসংখ্যক কোটা থাকে। উদাহরণস্বরূপ, মালেশিয়ায় দুই হাজার কর্মী নেওয়া হলে এর বিপরীতে আবেদন জমা পড়ে ৫০ হাজার বা তারও বেশি। এত বিপুলসংখ্যক প্রার্থীর একসঙ্গে সাক্ষাৎকার নেওয়া প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হয় না। তাই কাউকে বঞ্চিত না করে সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক বোয়েসেল ডিজিটাল লটারির আয়োজন করে। লটারিতে সাধারণত চাহিদামতো কর্মীসংখ্যার থেকেও বেশি সংখ্যক প্রার্থী নির্বাচন করা হয়।

যে ৫ ধাপে হয় বোয়েসেলের লটারি

সাধারণত বোয়েসেলের লটারি পাঁচটি ধাপে সম্পন্ন হয়ে থাকে। বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে প্রতিটি ধাপ স্বচ্ছ ও সহজ প্রক্রিয়ায় করা হয়ে থাকে।

বিজ্ঞপ্তি প্রকাশ ও অনলাইন নিবন্ধন: সংশ্লিষ্ট দেশের চাহিদা সাপেক্ষে বোয়েসেল তাদের অফিশিয়াল ওয়েবসাইট boesl.gov.bd ও brms.boesl.gov.bd এবং জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্ধারিত পোর্টালে গিয়ে অনলাইনে নিবন্ধন করতে হয়। এ সময় বৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, সচল মোবাইল নম্বর এবং ব্যক্তিগত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হয়। নিবন্ধনের শর্ত হিসেবে বিকাশ বা নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য আবেদন ফি জমা দিয়ে পেমেন্টের ট্রানজেকশন আইডি সংযুক্ত করতে হয়।

প্রাথমিক তথ্য যাচাই-বাছাই (স্ক্রিনিং): আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর বোয়েসেলের আইটি ও যাচাই-বাছাই টিম জমা পড়া সব আবেদন পরীক্ষা করে। প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, পাসপোর্টের মেয়াদ এবং পেমেন্ট তথ্য সঠিক থাকলে তাকে বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত তালিকায় রাখা হয়। ভুল পাসপোর্ট নম্বর, অস্পষ্ট তথ্য বা একাধিক আবেদন করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

ডিজিটাল লটারি পরিচালনা ও সফটওয়্যার পদ্ধতি: বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত হওয়ার পর নির্ধারিত দিনে লটারি অনুষ্ঠিত হয়। এই লটারি কোনো ম্যানুয়াল পদ্ধতিতে হয় না। এখানে কোন ধরনের হাতের স্পর্শ থাকে না। আন্তর্জাতিক মানের স্বয়ংক্রিয় র‍্যান্ডম সিলেকশন সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। সফটওয়্যারটি সম্পূর্ণ নিরপেক্ষ অ্যালগরিদম ব্যবহার করে কোটা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকে বেছে নেয়।

ফলাফল প্রকাশ ও এসএমএস বার্তা: লটারি সম্পন্ন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচিত প্রার্থীদের পাসপোর্ট নম্বর, নিবন্ধন আইডিসহ চূড়ান্ত তালিকা বোয়েসেলের অফিশিয়াল ওয়েবসাইট এবং ভেরিফায়েড ফেসবুক পেজে পিডিএফ আকারে প্রকাশ করা হয়। পাশাপাশি নির্বাচিত প্রত্যেক প্রার্থীর নিবন্ধিত মোবাইল নম্বরে বোয়েসেল থেকে অফিশিয়াল এসএমএস পাঠিয়ে পরবর্তী ধাপের তারিখ ও নির্দেশনা জানিয়ে দেওয়া হয়।

লটারি পরবর্তী চূড়ান্ত প্রক্রিয়া: লটারিতে নির্বাচিত হওয়াই বিদেশ যাওয়ার চূড়ান্ত নিশ্চয়তা নয়, বরং এটি মূল প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রথম ধাপ। দেশভেদে পরবর্তী ধাপগুলো ভিন্ন হয়। যেমন—কিছু দেশের ক্ষেত্রে লটারিতে নির্বাচিতদের ভাষা পরীক্ষা এবং স্কিল টেস্ট বা নানা ধরনের দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আবার কিছু ক্ষেত্রে লটারিতে নির্বাচিতদের সরাসরি নিয়োগকর্তার প্রতিনিধিদের সামনে সাক্ষাৎকার বা প্রাকটিক্যাল পরীক্ষায় অংশ নিতে হয়। উত্তীর্ণ হলে মেডিকেল পরীক্ষা ও পুলিশ ক্লিয়ারেন্স শেষে ভিসা প্রসেসিং সম্পন্ন হয়।

লটারির স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা হয়

বোয়েসেলের লটারি নিয়ে যাতে কোনো ধরনের বিতর্ক তৈরি না হয়, সে জন্য সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হয়। লটারি অনুষ্ঠানের সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক, আইটি বিশেষজ্ঞ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সশরীরে উপস্থিত থাকেন। এ ছাড়া সাধারণ মানুষের দেখার সুবিধার্থে পুরো লটারি প্রক্রিয়াটি বোয়েসেলের অফিশিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। সফটওয়্যারে বাটন চাপার সঙ্গে সঙ্গেই পর্দায় নির্বাচিতদের তালিকা ভেসে ওঠে, যেখানে কারও হস্তক্ষেপ করার কোনো সুযোগ থাকে না।

লটারির বিষয়টি সম্পর্কে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপক (প্রশিক্ষণ) মীর মো. সোহেল বলেন, লটারির ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করে নিয়োগকর্তা প্রতিষ্ঠানের ওপর। অথরিটি যদি প্রয়োজন মনে করে, আমাদের মেইল দেয়। তারা যেই সিদ্ধান্ত দেয় ওইটাই আমরা বাস্তবায়নের জন্য কাজ করি।

তিনি আরও বলেন, একেক দেশের ক্ষেত্রে একেক রকম নিয়ম। যেমন ব্রুনাইতে যতজন আবেদন করে, সবাই ইন্টারভিউয়ের সুযোগ পায়। এটা নিয়োগকর্তার চাহিদার ওপর নির্ভর করে। নিয়োগকর্তা যেভাবে প্রপোজাল দেবে, আমরা ওইভাবে বিজ্ঞাপনে সবকিছু দিয়ে থাকি। এ জন্য দেশভিত্তিক স্পেসিফিক বলা সম্ভব নয়। তবে মালেশিয়ার সর্বশেষ যে কার্যক্রম চলমান আছে, সেটি লটারিতে হয়েছে।

source: Asia Post

Back to top button