লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে বুরাক এয়ারের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (UZ-222) তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দেশে ফেরা এসব বাংলাদেশির মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ রয়েছেন।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর তাদের লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে রাখা হয়। দীর্ঘদিন আটক থাকার পর বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থার সমন্বিত উদ্যোগে তাদের দেশে ফেরানো হয়েছে।
প্রত্যাবাসন কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও লিবিয়া সরকার সহযোগিতা করেছে। দেশে ফেরার উদ্দেশ্যে যাত্রার আগে বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ তাদের বিদায় জানান।
ঢাকার বিমানবন্দরে পৌঁছানোর পর প্রত্যাবাসিতদের জরুরি মানবিক সহায়তা দিয়েছে আইওএম। সংস্থাটির পক্ষ থেকে প্রত্যেককে বাড়ি ফেরার যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে; পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, মানবপাচারকারীদের প্রলোভনে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপ যাত্রার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, এই প্রত্যাবাসনের ঘটনা তার আরেকটি উদাহরণ। অবৈধ পথে বিদেশযাত্রার প্রলোভন থেকে দূরে থাকতে এবং বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈধ প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
source: Asia Post







