গোপালগঞ্জে কবে থেকে ট্রেন চলবে বলা সম্ভব না : রেল কর্তৃপক্ষ

গোপালগঞ্জে চলমান সহিংসতা ও নিরাপত্তাঝুঁকির কারণে ঢাকা থেকে পদ্মা সেতু ও গোপালগঞ্জ হয়ে খুলনা ও বেনাপোলগামী ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে। বিকল্প হিসেবে যমুনা সেতু ও যশোর হয়ে খুলনাগামী সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমাঞ্চল রেল।
গত ১৮ নভেম্বর থেকে এসব ট্রেন বন্ধ করে দেওয়া হয়। ফলে আগে থেকে টিকিট কেটে রাখা যাত্রীরা সীমাহীন ভোগান্তিতে পড়েছেন। কবে নাগাদ এই রুটে ট্রেন চালু হবে তা নির্দিষ্ট করে বলতে পারেনি রেল কর্তৃপক্ষ। আন্তঃনগর, কমিউটার ও লোকাল মিলিয়ে মোট চারটি ট্রেনের চলাচল বন্ধ রাখা হয়েছে, যেগুলো প্রতিদিন একাধিকবার যাতায়াত করত।
গত ২৩ নভেম্বর পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপকের (জিএম) কার্যালয় থেকে প্রকাশিত এক চিঠি থেকে জানা যায়, ট্রেন চলাচলের নিরাপত্তা নিয়ে গোপালগঞ্জের স্থানীয় প্রশাসনের কাছ থেকে সুনির্দিষ্ট মতামত বা তথ্য পাওয়া যায়নি। ফলে যাত্রী ও রেলওয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে ২৪ নভেম্বর ঢাকা-খুলনা-ঢাকা জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা-বেনাপোল-ঢাকা রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনের তথ্য যাত্রীদের যথাযথভাবে জানানো, এসএমএসের মাধ্যমে টিকিটের মূল্য ফেরত দেওয়া এবং নিয়ম অনুযায়ী রোলিং স্টক ও ক্রু ব্যবস্থাপনার নির্দেশনাও দেওয়া হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলের মহাপরিচালক আহমদ হোসেন মাসুম এশিয়া পোস্টকে বলেন, গোপালগঞ্জের স্থানীয় প্রশাসনের নিরাপত্তা ছাড়পত্র না পাওয়ায় আপাতত গোপালগঞ্জ ও কাশিয়ানি রেলস্টেশনে ট্রেন যাচ্ছে না। যে কারণে জাহানাবাদ ও রূপসী বাংলা ট্রেনটি আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে যমুনা সেতু হয়ে সুন্দরবন এক্সপ্রেস চলছে।
তিনি বলেন, কবে নাগাদ ওই রুট চালু হবে তাও বলা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে স্থানীয় প্রশাসনের নিরাপত্তা ছাড়পত্র না পেলে ওই রুটে ট্রেন চালানো সম্ভব নয়। তবে এটা অনির্দিষ্ট না বলে পরিস্থিতি বিবেচনায় আপাতত বন্ধ রাখা হয়েছে বলা ভালো হবে।
গত ২১ তারিখে ঢাকা থেকে জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রী ছিলেন ডা. মেহেদী হাসান। তার পরিবারের ১২ জনের অগ্রিম টিকিট কাটা ছিল। ওই দিন সকালে তার মোবাইলে ম্যাসেজ আসে ওই ট্রেন চলা বন্ধ। মেসেজে তাকে রিফান্ডের অপশনে আবেদনের জন্য বলা হয়।
আবেদন করলেও আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনি ওই টাকা রিফান্ড পাননি।
এ বিষয়ে মেহেদী হাসান বলেন, ট্রেন যাত্রার জন্য পরিবারের সবাইকে নিয়ে ঢাকা এসেছিলাম। ফেরার সময় ট্রেন বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে।
গত ১৭ নভেম্বর থেকে গোপালগঞ্জে নতুন করে অস্থিরতার সূত্রপাত হয়। এদিন টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরের দিন ১৮ নভেম্বর গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং বিজিবির গাড়িতেও আগুন দেওয়া হয়। ওই দিন থেকেই পদ্মা সেতু ও গোপালগঞ্জ হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এর আগেই ঢাকা-গোপালগঞ্জ রুটের অভিযাত্রী কমিউটার ও রূপসী বাংলাসহ চারটি ট্রেন বন্ধ হয়ে যায়। আর ১৯ নভেম্বর রাতে বন্ধ রাখা হয় জাহানাবাদ এক্সপ্রেসও। বিভিন্ন স্টেশনে গিয়ে কর্মীদের হুমকি দেওয়ার প্রেক্ষাপটে স্থানীয় স্টেশন কর্মকর্তাদের অনুরোধেই ট্রেন চলাচল বন্ধ করা হয় বলে জানা গেছে।
source: Asia Post








