১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, শুরুতে চলবে ৪ ফ্লাইট

সব প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রাথমিকপর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে।
এ লক্ষ্যে ইমিগ্রেশন বুথ, ব্যাগেজ বেল্ট, স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশনসহ প্রয়োজনীয় প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুকরণের প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে এর কার্যক্রম শুরু নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে।’
তিনি বলেন, ‘দীর্ঘদিনের সম্মিলিত প্রচেষ্টার ফলে তৃতীয় টার্মিনাল চালুর পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে। এখন অবশিষ্ট প্রস্তুতিমূলক কাজগুলো দ্রুত ও সমন্বিতভাবে সম্পন্ন করতে হবে। প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হলেও পরবর্তী সময়ে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।’
সভায় তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরুর আগে প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথ সচল করা, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন পরিচালনা এবং সংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রস্তুতি সম্পন্ন করতে প্রয়োজনীয় করণীয়ও নির্ধারণ করা হয়।
এসময় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব উপস্থিত ছিলেন।
এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক এবং জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
source: Asia Post







