চীনে ট্রাম্প-পুতিন-শি বৈঠকের সম্ভাবনা, আলোচনায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ

আগামী সপ্তাহে চীনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হোয়াইট হাউজ জানিয়েছে, বিশ্বের তিন প্রধান পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের মধ্যে এ ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
শনিবার (১৪ নভেম্বর) বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের শীর্ষ নেতাদের সম্ভাব্য এ বৈঠককে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছে হোয়াইট হাউজ। মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানান, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এপেক সম্মেলনে যোগ দিতে গিয়ে বৈঠকে অংশ নেবেন ট্রাম্প।
ওয়েলস বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়েও আলোচনা করবেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, এসব অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।’
তিন দেশের নেতাদের বৈঠকে ইরান পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ আলোচনার বিষয় হবে না বলে জানা গেছে। এ বিষয়ে এখনো মস্কো ও বেইজিংয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা এপি ও রয়টার্সের বরাতে জানা গেছে, বৈঠক শেষে কোনো চুক্তি বা সমঝোতা হওয়ার প্রত্যাশা করা হচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
বুধবার রাতে শেনজেনে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের। ২১ সদস্যদেশের অংশগ্রহণে সেখানে দুই দিনব্যাপী এপেক সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও বসবেন তিনি। ২০২৫ সালে ক্ষমতায় ফেরার পর দুই নেতার মধ্যে এটি হবে চতুর্থ বৈঠক।
হোয়াইট হাউজের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ‘চীন সফরের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট এবং রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।’
এর আগে মঙ্গলবার ফিলিপাইনে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প। ওয়েলসের ভাষ্য, এই সফরের মাধ্যমে মার্কিন জনগণের জন্য ঐতিহাসিক সাফল্য অর্জন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে আলোচনা
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এর ফলে বিশ্বের সবচেয়ে বড় দুটি পারমাণবিক অস্ত্রভান্ডার কার্যত বড় কোনো নিয়ন্ত্রণব্যবস্থার আওতার বাইরে চলে গেছে। একই সঙ্গে স্নায়ুযুদ্ধের অবসানে ভূমিকা রাখা দেশ দুটির অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতারও অবসান ঘটেছে।
এ অবস্থায় জাতিসংঘ দুই দেশকে দ্রুত নতুন একটি কাঠামোর বিষয়ে একমত হওয়ার আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্প বলেছেন, পুরোনো চুক্তির বদলে আরও ভালো একটি চুক্তি করা যেতে পারে, যেখানে চীনকেও অন্তর্ভুক্ত করা হবে। সাম্প্রতিক সময়ে দেশটি তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে।
এ বিষয়ে ওই সময় সাবেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও বিশ্লেষকেরা বিবিসিকে বলেছিলেন, চীন ও রাশিয়ার সহযোগিতা পাওয়ার চেষ্টা করতে গেলে বড় ধরনের বাধার মুখে পড়তে হতে পারে। এ প্রক্রিয়ায় কয়েক বছরও লেগে যেতে পারে।
কোন কোন দেশের পারমাণবিক অস্ত্র রয়েছে?
২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত বিশ্বের নয়টি দেশের পারমাণবিক অস্ত্রের মজুত রয়েছে বলে জানিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)। সংস্থাটির এসআইপিআরআই ইয়ারবুক ২০২৬ অনুযায়ী, সবচেয়ে বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে রাশিয়ার— ৫ হাজার ৪২০টি।
এরপর যুক্তরাষ্ট্রের ৫ হাজার ৪২টি এবং চীনের ৬২০টি। এ ছাড়া ফ্রান্সের ৩৭০টি, যুক্তরাজ্যের ২২৫টি, ভারতের ১৯০টি, পাকিস্তানের ১৭০টি, ইসরায়েলের ৯০টি এবং উত্তর কোরিয়ার ৬০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এই সব পরিসংখ্যানই আনুমানিক।
রাশিয়া-চীন সম্পর্ক ও যুক্তরাষ্ট্রের অবস্থান
চলতি বছরের শুরুর দিকে কয়েক দিনের ব্যবধানে বেইজিংয়ে ট্রাম্প ও পুতিনকে আলাদাভাবে আতিথ্য দিয়েছিলেন শি জিনপিং। পরে সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্টকে ওয়াশিংটনে স্বাগত জানান ট্রাম্প।
২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় রাশিয়া আন্তর্জাতিকভাবে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে মস্কোর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে বেইজিং।
তবে রাশিয়া থেকে ডিজেল আমদানিতে যুক্তরাষ্ট্রের একটি বিতর্কিত চুক্তি এবং মস্কোর তেল ও গ্যাসের বড় ক্রেতাদের মধ্যে চীনসহ কয়েকটি দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় ইউরোপের দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গত মাসে ট্রাম্প প্রশাসনের রাশিয়ার প্রতি নমনীয় অবস্থান ঘিরে এসব উদ্বেগ দেখা দেয়।
অন্যদিকে, চলতি বছর বেইজিং ও ওয়াশিংটনে সম্মেলনের মধ্য দিয়ে ট্রাম্প ও শি জিনপিং দুই দেশের সম্পর্ক উষ্ণ করার চেষ্টা করেছেন। তবে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা এবং তাইওয়ান ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে মনে হয়নি।
ইরান যুদ্ধও দুই দেশের সম্পর্কে মতপার্থক্যের একটি বিষয় হয়ে উঠেছে। চীন ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা এবং দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদার।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার জানিয়েছে, এপেক সম্মেলনের ফাঁকে শি জিনপিং দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে এ খবর প্রকাশ করা হয়। তবে তিন নেতার ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে চীনের গণমাধ্যমে কিছু বলা হয়নি।
এর আগে চলতি মাসের শুরুতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়, এপেক সম্মেলনের ফাঁকে এমন বৈঠকের প্রস্তুতির ইঙ্গিত পাওয়ার কথা জানিয়েছিলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
source: Rajneete






