News

এআই নিয়ন্ত্রণে স্বাধীন তদারকিসহ বৈশ্বিক ব্যবস্থা চান গুতেরেস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ জন্য আগামী এক বছরের মধ্যে বৈশ্বিকভাবে অন্তর্ভুক্তিমূলক ও নীতিভিত্তিক বহুপক্ষীয় কাঠামো তৈরির কথা বলেছেন তিনি। একই সঙ্গে এ ব্যবস্থার আওতায় স্বাধীন ও নির্ভরযোগ্য তদারকি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

ক্যারিবীয় দেশ বার্বাডোজে ‘ব্রিজটাউন স্পেশাল সামিট অন এআই সেফটি’ শীর্ষক সম্মেলনে সোমবার বক্তব্য দেন গুতেরেস। তিনি বলেন, সদস্য দেশগুলোর উচিত নিজেদের উদ্যোগ সমন্বয় করে এআইয়ের ঝুঁকি ব্যবস্থাপনায় বৈশ্বিক কাঠামো গড়ে তোলা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে জাতিসংঘে গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে। ভবিষ্যতে ‘খুনি রোবট’ তৈরির আশঙ্কার মধ্যেও তিনি এআইয়ের ঝুঁকি নিয়ে ক্রমেই সোচ্চার হচ্ছেন।

সম্মেলনে বৈশ্বিক শাসনব্যবস্থার প্রতিষ্ঠানগুলোর সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন গুতেরেস। তার ভাষ্য, এসব প্রতিষ্ঠান মূলত ১৯৪৫ সালের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হচ্ছে। বর্তমান বিশ্বের বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন। জাতিসংঘের পাশাপাশি আন্তর্জাতিক আর্থিক কাঠামো এবং বিশ্ব বাণিজ্যব্যবস্থার ক্ষেত্রেও এ সংস্কার দরকার বলে মন্তব্য করেন তিনি।

ডিসেম্বরে গুতেরেসের বিদায়ের পর জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন, তা এখনো ঠিক হয়নি। তবে নিজের উত্তরসূরির উদ্দেশে তিনি বলেন, মানবজাতির নিজেদের পৃথিবীর ওপর নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য এআই যথাযথভাবে নিয়ন্ত্রণ করা অপরিহার্য। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এআইয়ের ওপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে ওঠার সম্ভাবনা এখনো অনেক দূরে। কারণ, প্রযুক্তিটির দুই প্রধান পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন গবেষণা এবং উন্নয়নে প্রতিযোগিতায় রয়েছে।

আরো পড়ুন

তবে দেশগুলোর মধ্যে অভিন্ন নিরাপত্তাব্যবস্থা, পরীক্ষার পদ্ধতি এবং স্বাধীন তদারকির মৌলিক শর্ত নিয়ে ঐকমত্যের মাধ্যমে বৈশ্বিক নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ শুরু হতে পারে বলে মনে করেন গুতেরেস। চলতি বছরের সেপ্টেম্বরে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এবং স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানান। অন্যদিকে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ও মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এআই উন্নয়ন চালিয়ে যাওয়ার পক্ষে।

বিশ্বে সবচেয়ে দ্রুতগতিতে এআই প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির নিয়ন্ত্রক সংস্থাগুলোর পক্ষ থেকে এখনই সরাসরি হস্তক্ষেপের সম্ভাবনা কম বলে মনে হচ্ছে। যদিও গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানের কয়েকজন শীর্ষ নির্বাহীর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে এআই নিরাপত্তাবিষয়ক একটি স্বেচ্ছামূলক আচরণবিধি মেনে চলতে সম্মত হন মার্কিন নির্বাহীরা।

source: Rajneete

Back to top button