ফরিদপুরে পুলিশের লুট হওয়া গোলাবারুদ উদ্ধার

ফরিদপুরের কোতোয়ালীর কানাইপুরে একটি পরিত্যক্ত পুরোনো আধাপাকা ভবন থেকে পুলিশের লুট হওয়া বলে ধারণা করা ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল ও সাতটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন এসআরবি-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার।
তিনি জানান, ২৫ সেপ্টেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার কানাইপুর এলাকায় অভিযান চালানো হয়। এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল আখ সেন্টার মাঠের উত্তর-পূর্ব পাশে থাকা পুরোনো আধাপাকা ভবনটিতে তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে ভবনের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল ও সাতটি সাউন্ড গ্রেনেড পাওয়া যায়।
এসআরবি-১০ জানিয়েছে, প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার হওয়া কার্তুজগুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদ বলে ধারণা করা হচ্ছে।
তপন সরকার বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানায় হামলার সময় অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। এরপর থেকে লুট হওয়া এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান চালিয়ে আসছে এসআরবি-১০।
উদ্ধার করা গোলাবারুদ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে এসআরবি-১০।
source: Asia Post







