News

জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগের চুক্তি সই, দিনক্ষণ চূড়ান্ত

বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থানসংক্রান্ত নতুন চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় ২০২৭ সালের ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হবে। প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য করা এ চুক্তির মেয়াদ পরে স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছর বাড়ানোর সুযোগ রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

চুক্তিটির নাম ইএসডিপি-এমওসি (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট)। প্রায় এক বছর ধরে বাংলাদেশ ও জাপান সরকারের আলোচনার পর এটি চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে দেশটির বিচার, পররাষ্ট্র, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং জাতীয় পুলিশ সংস্থার প্রতিনিধিরা চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় জাপানে কর্মরত বাংলাদেশি কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুই দেশের মধ্যে কর্মী নিয়োগে সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়েছে।

আরো পড়ুন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশি কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়ানো হবে। এর ফলে কর্মীরা উচ্চ বেতন ও জাপানে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ পেতে পারেন।

মন্ত্রী আরও বলেন, চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। কর্মক্ষেত্রে নারী ও পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।

বিশেষ করে গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে নারী কর্মীদের চাকরিচ্যুত করা কিংবা তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এ কারণে গর্ভধারণ বা সন্তান প্রসবের জন্য জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর কোনো বাধ্যতামূলক বিধানও চুক্তিতে রাখা হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।

চুক্তির কপি প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, এ চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি জাপানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এটি।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button