News

বাসে আগুন দিয়ে ফেসবুকে পোস্ট, যুবক আটক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদসংলগ্ন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আরাফাত পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন লাগানোর ছবি ফেসবুকে পোস্ট করায় সন্দেহভাজন হিসেবে আরিফ হোসেন পলাশ (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম। এর আগে শুক্রবার রাত ১২টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

Advertisement

আটক আরিফ উপজেলার আরামবাগ গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে।

জানা গেছে, মঠবাড়িয়া উপজেলা পরিষদসংলগ্ন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আরাফাত পরিবহনের একটি বাসের পেছনের অংশের সিটে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এ সময় স্ট্যান্ডে থাকা অন্য বাসের হেলপাররা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বাসটির পেছনের কিছু অংশ ও কয়েকটি সিট পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি, মঠবাড়িয়া থানা পুলিশের সদস্যরা এবং উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

মঠবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে রাতে আমাদের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাশকতার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাচ্ছে। যেখানেই লীগের কর্মীদের পাওয়া যাবে, তাদের আইনের হাতে তুলে দেওয়া হবে।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ বলেন, রাত ১২টার দিকে বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি বলেন, বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাইনি। তবে ধারণা করছি, নাশকতার উদ্দেশ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

ওসি মো. রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুন দেওয়ার ঘটনা ফেসবুকে পোস্ট করায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

source: Asia Post

Back to top button