
অদলীয় রাজনৈতিক শক্তি সহসাই জাতীয় রাজনীতিতে অপরিহার্য হিসেবে পরিগণিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মুক্ত রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি স্বরূপ হাসান শাহীন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে মুক্ত রাজনৈতিক আন্দোলনের চট্টগ্রাম জেলা টিম আয়োজিত ‘১৪ দফা, অদলীয় রাজনীতি ও আগামী বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্বরূপ হাসান শাহীন বলেন, প্রচলিত রাজনৈতিক কাঠামোর বাইরে জনগণের আকাঙ্ক্ষা, অধিকার ও অংশগ্রহণের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক পরিসর তৈরির প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে।
তিনি বলেন, আগামী বাংলাদেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামো কেমন হবে, তা নির্ধারণে ১৪ দফা এবং অদলীয় রাজনীতির দর্শন নিয়ে দেশব্যাপী আলোচনা ও জনমত গড়ে তোলা প্রয়োজন।
মুক্ত রাজনৈতিক আন্দোলনের চট্টগ্রাম জেলা টিমের এ আয়োজনে সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের নুরুল আলম ভূঁইয়া। সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মসিউর রহমান মসি এবং নোয়াখালী জেলা টিমের সভাপতি হামিদুল হক চৌধুরী।
সভায় লিখিত সূচনা বক্তব্য উপস্থাপন করেন মাঈদুল ইসলাম সুমন। আলোচনায় আরও বক্তব্য দেন বাতেন বিপ্লব, অধ্যক্ষ সমীর কান্তি দাশ, জাকারিয়া মাহবুব মিলন, হাফিজুল ইসলাম খোকন, মোবারক হোসেন ও অধ্যাপক এনামুল হক প্রমুখ।
বক্তারা বলেন, আগামী বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তে জনগণের প্রকৃত অংশগ্রহণ, গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার ও রাষ্ট্রীয় জবাবদিহি প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রীভবন ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে নাগরিকের অধিকার ও মর্যাদাকে প্রাধান্য দিতে হবে। এ লক্ষ্য অর্জনে অদলীয় রাজনীতির ধারণাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
সভায় ১৪ দফার তাৎপর্য, অদলীয় রাজনীতির সাংগঠনিক ভিত্তি এবং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ও রাজনৈতিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে এ দর্শনকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তৃণমূল পর্যায়ে সংগঠিত জনসম্পৃক্ততা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।







