News

২৯ বছর শিক্ষকতার পর ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

দীর্ঘ ২৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের কিরণ নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াকুব আলী। এই সময়ে তিনি গড়ে তুলেছেন অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ। তার হাতে গড়া কেউ প্রকৌশলী, কেউ চিকিৎসক, কেউ পুলিশ কর্মকর্তা, আবার কেউ সাংবাদিকসহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) কর্মজীবনের শেষ দিনে প্রিয় শিক্ষককে ব্যতিক্রমী সম্মান জানিয়েছেন তার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। ফুলেল শুভেচ্ছা, ব্যান্ড পার্টির বাদ্য আর ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় আয়োজনে শিক্ষক ইয়াকুব আলীকে বাড়িতে পৌঁছে দেন তারা। শিক্ষার্থীদের এমন ভালোবাসা ও সম্মানে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী শিক্ষক।

Advertisement

খোঁজ নিয়ে জানা যায়, ইয়াকুব আলী ১৯৯৭ সালে বিদ্যালয়টির প্রতিষ্ঠালগ্ন থেকেই ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। দীর্ঘ ২৯ বছরের শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থীকে পাঠদান করেছেন তিনি। শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, শিক্ষার্থীদের জীবনের নানা মূল্যবোধ ও মানবিকতার শিক্ষাও দিয়েছেন।

সময়ের সঙ্গে তার শিক্ষার্থীরা বড় হয়ে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন। তবে জীবনের ভিত গড়ে দেওয়া প্রিয় শিক্ষককে ভুলে যাননি তারা। তাই কর্মজীবনের শেষ দিনে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন শত শত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্মৃতিচারণ ও একসঙ্গে ছবি তোলার মধ্য দিয়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ। পরে ব্যান্ড পার্টির বাদ্য বাজিয়ে ঘোড়ার গাড়িতে শিক্ষক ইয়াকুব আলীকে বাড়িতে পৌঁছে দেন শিক্ষার্থীরা। পুরো আয়োজনজুড়েই ছিল উচ্ছ্বাস, আবেগ ও ভালোবাসার প্রকাশ।

আরো পড়ুন

প্রাক্তন শিক্ষার্থী এম এম জসিম বলেন, ইয়াকুব আলী স্যারের কাছে আমাদের অনেক ঋণ। তিনি শুধু পাঠ্যবইয়ের শিক্ষা দেননি, মানুষ হওয়ার শিক্ষাও দিয়েছেন। তার হাত ধরে অনেক শিক্ষার্থী আজ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। সেই ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মিলে এই আয়োজন করেছি। স্যারকে রাজকীয়ভাবে বিদায় জানাতে পেরে আমরা আনন্দিত।

বর্তমান শিক্ষার্থী জুঁই আবেদিন বলেন, ইয়াকুব স্যার আমাদের খুব প্রিয় একজন শিক্ষক। তিনি শুধু ইংরেজি পড়াননি, জীবনের অনেক ভালো শিক্ষাও দিয়েছেন। তাঁর কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। স্যারের বিদায়ের দিনটি আমাদের জন্য আনন্দের পাশাপাশি বেদনারও। আমরা চাই, স্যারের শিক্ষা আমাদের আগামী জীবনে পথচলার প্রদর্শক হয়ে থাকবে।

বিদ্যালয়ের বিএসসি শিক্ষক সোহাগ মিয়া বলেন, ইয়াকুব আলী স্যারের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি। তিনি অত্যন্ত আন্তরিক, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব একজন মানুষ। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার সঙ্গে কাজ করতে গিয়ে অনেক স্মৃতি তৈরি হয়েছে। আজ তাকে বিদায় জানাতে গিয়ে খুব খারাপ লাগছে। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

প্রধান শিক্ষক আবুল ফজল বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই ইয়াকুব আলী স্যার নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শিক্ষার্থীদের গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তার দীর্ঘ শিক্ষকতা জীবন অন্যদের জন্য অনুকরণীয়। শিক্ষার্থীরা তাকে যেভাবে ভালোবাসা ও সম্মান দিয়ে বিদায় জানিয়েছে, তা বিদ্যালয়ের জন্য আনন্দ ও গর্বের বিষয়।

বিদায়ী শিক্ষক ইয়াকুব আলী বলেন, ১৯৯৭ সালে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষকতা শুরু করেছিলাম। দেখতে দেখতে জীবনের দীর্ঘ ২৯টি বছর এখানে কাটিয়ে দিয়েছি। বিদ্যালয়, সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। বিদায়ের দিন শিক্ষার্থীরা আমাকে এতটা ভালোবাসা ও সম্মান জানাবে, তা কখনো ভাবিনি।

তিনি আরও বলেন, ঘোড়ার গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়ার এই আয়োজন আমার জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আমি চাই, শিক্ষার্থীরা জীবনে আরও বড় হোক, ভালো মানুষ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করুক।

source: Asia Post

Back to top button