News

পাবনায় সংঘর্ষের ঘটনায় ওসি প্রত্যাহার, নতুন দায়িত্বে মোস্তফা

পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দিনভর সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন পাবনা সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর গোলাম মোস্তফা।

শনিবার (২১ নভেম্বর) রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে নয়ন কুমার সরকারকে প্রত্যাহার এবং গোলাম মোস্তফাকে নতুন দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার (এসপি) আবু আশ্রাফ।

Advertisement

এর আগে শনিবার সকাল থেকে বেড়া পৌর এলাকার বিভিন্ন মহল্লায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

শনিবার সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশ্রাফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

তবে সভা চলাকালেও বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে সংঘর্ষ আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ ছাড়া সংঘর্ষের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিক লাঞ্ছিত হন। এ সময় তার ক্যামেরাও ভাঙচুর করা হয়।

এদিকে পুলিশের ভূমিকা নিয়েও স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এমন পরিস্থিতির মধ্যেই শনিবার রাতে বেড়া থানার ওসিকে প্রত্যাহার করে নতুন ওসি নিয়োগ দেওয়া হলো।

source: Asia Post

Back to top button