‘ধ্বংসস্তূপ’ টুঙ্গিপাড়া থানা, পুলিশ সদস্যদের দিন কাটছে যেভাবে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ এবং থানায় অগ্নিসংযোগের ঘটনার পর নিজ কর্মস্থল ছেড়ে জেলা পুলিশ লাইন্সে আশ্রয় নিয়েছেন টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার ওই হামলায় দোতলা থানা ভবন, হাজতখানা, নথিপত্র এবং পুলিশের অন্তত ৯টি সরকারি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। এরপর থেকে কার্যত বন্ধ রয়েছে থানার সব ধরনের দাপ্তরিক কার্যক্রম। নিজ থানা ছেড়ে জেলা সদরের পুলিশ লাইন্সে অবস্থান নেওয়া এ সদস্যরা এখন চরম অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা ও ‘নির্বাসনের মতো’ মানবেতর জীবন পার করছেন।
সংঘর্ষ ও অগ্নিসংযোগের সূত্রপাত হয় যেভাবে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ ও ১৫ নভেম্বর গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের মহড়া, সড়ক অবরোধ এবং বিএনপি নেতাদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি থমথমে ছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়ার একটি খেলার মাঠ ও উপজেলা অডিটোরিয়াম-সংলগ্ন চেকপোস্ট থেকে নাশকতায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করে পুলিশ।
আটকদের ছিনিয়ে নিতে সন্ধ্যা ৭টার দিকে দেশীয় অস্ত্র ও হেলমেট পরে মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে হামলাকারীদের তোপের মুখে পুলিশ সদস্যরা পিছু হটলে বিক্ষুব্ধরা থানার ভেতরে ঢুকে হাজতখানার তালা ভেঙে আসামিদের ছিনিয়ে নেন এবং দোতলা থানা ভবন ও যানবাহনে আগুন ধরিয়ে দেন। এমনকি সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড সৃষ্টি করায় ফায়ার সার্ভিসের গাড়িও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
হামলার পরদিন বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ সদস্যরা পুনরায় হামলার আতঙ্ক মাথায় নিয়ে পোড়া থানা ভবনে আসেন। সাদা পোশাকে ও মাথায় হেলমেট পরে তারা ধ্বংসস্তূপের মধ্য থেকে অক্ষত থাকা সরকারি আগ্নেয়াস্ত্র, পোশাক এবং অফিসার্স মেসে থাকা ব্যক্তিগত মালামাল ভ্যানে তুলে দুপুর ১টার দিকে থানা ত্যাগ করেন। বর্তমানে তারা গোপালগঞ্জ জেলা সদরের পুলিশ লাইন্সে অবস্থান করছেন।
থানা ছাড়ার সময় নাম প্রকাশ না করার শর্তে একাধিক পুলিশ সদস্য জানান, হামলায় থানা থেকে সরকারি অস্ত্র, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুট হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নিরাপত্তার স্বার্থে তাদের পুলিশ লাইন্সে সরিয়ে নেওয়া হলেও নিজ কর্মস্থল ও ব্যারাক হারিয়ে তারা এক ধরনের অঘোষিত নির্বাসনের জীবন কাটাচ্ছেন।
একজন পুলিশ সদস্য আক্ষেপ করে বলেন, ‘চোখের সামনে নিজেদের কর্মস্থল পুড়ে ছাই হতে দেখেছি। নিরাপত্তার কারণে থানা ছেড়ে পুলিশ লাইন্সে এসে গাদাগাদি করে থাকতে হচ্ছে। পরিবার-পরিজন নিয়ে চরম আতঙ্কে আছি, মনে হচ্ছে নিজ দেশেই নির্বাসিত জীবন পার করছি।’
এদিকে, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম বন্ধ থাকায় ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সার্বিক বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানান, আগুনে তাদের থানার কোনো নথি আর অবশিষ্ট নেই, সব পুড়ে গেছে। এ ছাড়া পুলিশের অস্ত্রও লুট হয়েছে। এর মধ্যে কিছু অস্ত্র ফিরে পাওয়া গেলেও ঠিক কতগুলো উদ্ধার হয়েছে, তার সঠিক তালিকা এখনো তৈরি হয়নি। এ অবস্থায় থানার সব কাজকর্ম বন্ধ আছে।
এ ছাড়া গোপালগঞ্জ পুলিশ সুপারকে (এসপি) একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া পাওয়া যায়নি।
source: Asia Post








