বিএনপি নেতাকর্মীদের মূল্যায়নে ডিসি-ইউএনও-ওসিকে চিফ প্রসিকিউটরের কড়া বার্তা

বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কড়া বার্তা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
স্থানীয় প্রশাসনের উদ্দেশে দেওয়া তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে স্থানীয় আব্দুল মান্নান মেম্বারের বাড়িতে আয়োজিত একটি সামাজিক অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বক্তব্যে অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, আমি মাধবপুরের ইউএনও ও হবিগঞ্জের ডিসিকে স্পষ্ট বলে দিতে চাই, আমার দলের (বিএনপি) রাজপথে যেসব নেতাকর্মী ছিলেন, অন্যায়ের শিকার হয়েছেন, জেল খেটেছেন তারা যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হন।
এ সময় স্থানীয় পর্যায়ে ডিলার নিয়োগের প্রসঙ্গ তুলে উপস্থিত নেতাকর্মীদের কাছে জানতে চান, ডিলারশিপ কাকে দেওয়া হয়েছে। জবাবে পাশ থেকে একজন আওয়ামী লীগ নেতাকে (কার্যক্রম নিষিদ্ধ) ডিলারশিপ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।
বক্তব্যের একপর্যায়ে স্থানীয় সংসদ সদস্যের উদ্দেশে তিনি বলেন, বিএনপির অনেক ত্যাগী নেতাকর্মী এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন। তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তাদের সম্মানিত করার আহ্বান জানান তিনি।
অ্যাডভোকেট আমিনুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা। তার এই বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বক্তব্যটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
source: Asia Post








