জাপানের সঙ্গে জ্বালানি, রেল ও গভীর সমুদ্রবন্দর খাতে সহযোগিতা বাড়বে: প্রধানমন্ত্রী

জাপানের সঙ্গে জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), রেল, অবকাঠামো ও গভীর সমুদ্রবন্দর খাতে সহযোগিতা বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে এই সফরে বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি খাতে একাধিক সমঝোতা স্মারক বিনিময় হয়েছে। বৈঠকের ফলাফল ও অভিন্ন অগ্রাধিকারগুলো যৌথ বিবৃতিতে তুলে ধরা হবে।
তিনি বলেন, জাপান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম দিকেই দেশটি বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে জাপান।
উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য জাপানের প্রধানমন্ত্রী ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান।
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে উৎপাদনশীল বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, দক্ষ কর্মসংস্থান এবং পারস্পরিক লাভজনক ব্যবসায়িক উদ্যোগে জাপানের অংশীদারদের সঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, দুই দেশের বন্ধুত্বকে অর্থনৈতিক সুযোগ ও অভিন্ন সমৃদ্ধির শক্তিশালী চালিকাশক্তিতে পরিণত করাই বাংলাদেশের লক্ষ্য। এ অংশীদারত্ব দুই দেশের জনগণের কল্যাণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও স্থায়ী অবদান রাখবে।
source: Asia Post







