বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত প্রার্থী মো. জালাল উদ্দিন মল্লিক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে রাত ১০টার দিকে আংশিক ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচনে ৯টি সম্পাদকীয় ও ৮টি নির্বাহী সদস্য পদসহ মোট ১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রাত ১০টা পর্যন্ত ঘোষিত ফলাফলে মূল দুটি পদসহ ৬টি পদের বিজয়ী প্রার্থীর নাম প্রকাশ করা হয়।
ঘোষিত ফলাফলে প্রবীণ (সিনিয়র) সহসভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল ওলি, নবীন (জুনিয়র) সহসভাপতি পদে অ্যাডভোকেট শেখ মো. সাহিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহবুব মোর্শেদ লালন এবং অর্থ ও হিসাববিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে প্রার্থী ও ভোটাররা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। এখন পর্যন্ত ৬টি পদের ফলাফল ঘোষণা করা হয়েছে; বাকি পদগুলোর ভোট গণনা শেষে দ্রুতই পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে।
এবারের বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার সমরেন্দ্র নাথ দত্তের পাশাপাশি সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এস এম নওরেজ মহীত, মো. রেজওয়ানুর রহমান মোল্লা এবং মেহেরুন্নেছা।
source: Asia Post






