News

হরমুজ প্রণালিতে ‘শত্রু’ যুদ্ধবিমান প্রতিহতের দাবি ইরানের

হরমুজ প্রণালির কেশম দ্বীপের কাছে একটি ‘শত্রু’ যুদ্ধবিমান প্রতিহত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের তাসনিম ও মেহর সংবাদ সংস্থা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স বিমানটিকে শনাক্ত করে প্রতিহত করে এবং ওই এলাকা ছেড়ে যেতে বাধ্য করে।

তবে বিমানটির উৎপত্তি, কোন দেশের এবং এর মডেল সম্পর্কে কিছু জানায়নি সংবাদমাধ্যম দুটি। এ ঘটনায় ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হয়নি।

এদিকে, হরমুজ প্রণালির আশপাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর জানিয়েছে ইরানের ফার্স নিউজ এজেন্সি। সংস্থাটি জানায়, সিরিক ও কেশম দ্বীপের উপকূলসংলগ্ন জলসীমায় এসব শব্দ শোনা যায়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফার্স জানায়, কেশম দ্বীপের বাসিন্দারা আকাশে আলোর ঝলকানি দেখতে পেয়েছেন এবং বিস্ফোরণের মতো শব্দ শুনেছেন। কয়েকটি সূত্রের দাবি, এ সময় আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও সক্রিয় করা হয়ে থাকতে পারে।

ফার্সের প্রতিবেদনে আরও বলা হয়, প্রাথমিক তথ্যে কিছু শব্দের উৎস হিসেবে হরমুজ প্রণালিতে অনুমতি ছাড়া চলাচল করা কয়েকটি নৌযানকে লক্ষ্য করে ছোড়া সতর্কতামূলক গুলির কথা উল্লেখ করা হয়েছে।

তবে যুদ্ধবিমান প্রতিহত করা কিংবা বিস্ফোরণের শব্দ শোনার ঘটনাগুলোর বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

source: Asia Post

Back to top button