ফুটবল উন্নয়নে বাংলাদেশে আর্জেন্টিনার নতুন উদ্যোগ

বিশ্বকাপ এলেই আর্জেন্টিনার পতাকায় ছেয়ে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত। লিওনেল মেসিদের প্রতি এ দেশের মানুষের ভালোবাসার কথা এখন আর্জেন্টিনাতেও পরিচিত। এবার সেই সম্পর্ককে ফুটবল উন্নয়নের কাজে লাগাতে চায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বাংলাদেশে আর্জেন্টিনার প্রশিক্ষণপদ্ধতি অনুসরণ করে একটি ফুটবল একাডেমি প্রতিষ্ঠার সম্ভাবনা খতিয়ে দেখতে ঢাকায় এসেছেন সংস্থাটির তিন প্রতিনিধি। ইতিমধ্যে জাতীয় স্টেডিয়াম পরিদর্শনের পাশাপাশি স্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনাও শুরু করেছেন তারা।
শনিবার (২১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনাকারী শাখা এএফএ ইন্টারন্যাশনালের তিন কর্মকর্তা। তাদের মধ্যে রয়েছেন সংস্থাটির বাণিজ্যিক পরিচালক মারিও মার্টিন তুলা, প্রশিক্ষণপদ্ধতির সমন্বয়ক নিকোলাস এবং ভারতে এএফএ একাডেমির কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স।
ভারত সফর শেষে বাংলাদেশে এসেছেন তারা। সেখানে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণপদ্ধতি অনুসরণ করে একটি একাডেমি চালুর কাজ করছে এএফএ ইন্টারন্যাশনাল। একই ধরনের উদ্যোগ বাংলাদেশেও নেওয়া যায় কি না, সেটি যাচাই করতে চান প্রতিনিধিরা।
জাতীয় স্টেডিয়াম পরিদর্শনকালে ইংরেজি দৈনিক ডেইলি সানকে বাংলাদেশ সফরের উদ্দেশ্য জানিয়েছেন মারিও মার্টিন তুলা। তিনি বলেন, এশিয়ার বিভিন্ন দেশে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণপদ্ধতি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সেই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশেও একটি আন্তর্জাতিক মানের একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে এসেছেন তারা।
তুলার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে একটি এএফএ ইন্টারন্যাশনাল একাডেমি চালু করাই তাদের অন্যতম লক্ষ্য। এ জন্য স্থানীয় ব্যবসায়ী ও সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে। তবে বিনিয়োগ ও অংশীদারত্বের বিষয়ে এখনো কোনো চুক্তি হয়নি।
বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়ার পরই পরবর্তী পরিকল্পনা করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রতিনিধিদলের সদস্য নিকোলাস। তার মতে, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এখনই একাডেমি চালুর নির্দিষ্ট সময় ঘোষণা করার সুযোগ নেই।
বাংলাদেশ সফরের পেছনে ফুটবল উন্নয়নের পরিকল্পনার পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি এ দেশের মানুষের ভালোবাসাও বড় ভূমিকা রেখেছে।
তুলা জানিয়েছেন, বিশ্বকাপের সময় বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের উদযাপন তাদের মুগ্ধ করেছে। সেই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতেই বাংলাদেশ সফরের পরিকল্পনা করেন তারা। একই সঙ্গে ফুটবল উন্নয়নের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ দেখছেন আর্জেন্টাইন কর্মকর্তারা।
এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গেও যৌথ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে প্রতিনিধিদলের। আগামী ২৪ ও ২৫ নভেম্বর ফুটবল উন্নয়নবিষয়ক সেমিনার, কোচদের প্রশিক্ষণ এবং কিশোর ফুটবলারদের জন্য বিশেষ ফুটবল ক্লিনিক আয়োজনের প্রস্তাব রয়েছে।
প্রস্তাবিত সেমিনারে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণপদ্ধতি, তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরার কথা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের স্থানীয় কোচ ও ফুটবল কর্মকর্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হতে পারে।
কিশোর ফুটবলারদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনাও রয়েছে। সেখানে খেলোয়াড়দের মৌলিক দক্ষতা, বল নিয়ন্ত্রণ ও কৌশলগত উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার কথা রয়েছে।
শুধু বাফুফে নয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেও সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখতে চান প্রতিনিধিরা। তাদের সফরসূচিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।
source: Asia Post








