News

পূর্ব তিমুরে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র পূর্ব তিমুরের উপকূলের অদূরে বান্দা সাগরে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

শনিবার (২১ নভেম্বর) জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। কম্পনে রাজধানী দিলিসহ আশপাশের উপকূলীয় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা সুনামির আশঙ্কা দেখা দেয়নি।

জিএফজেডের তথ্য অনুযায়ী, শনিবার পূর্ব তিমুরের রাজধানী দিলি থেকে ২২৬ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে বান্দা সাগরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূপৃষ্ঠের প্রায় ১১৭ কিলোমিটার গভীরে এটি সংঘটিত হয়েছে।

ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পটির কেন্দ্রস্থল সাগরে এবং ভূপৃষ্ঠের বেশ গভীরে হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন

ভৌগোলিক অবস্থানের কারণে পূর্ব তিমুর এবং সংলগ্ন ইন্দোনেশিয়ার বান্দা সাগর অঞ্চল অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষে এ অঞ্চলে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

source: Rajneete

Back to top button