আরও ৪ কার্গো এলএনজি কেনার অনুমোদন

দেশের জ্বালানি চাহিদা মেটাতে চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) ২৩.৯৮ থেকে ২৮.০৩ ডলার দরে এসব এলএনজি কেনা হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
চার কার্গোর মধ্যে তিনটি আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় ও একটি সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় সৌদি আরবের আরামক থেকে কেনা হবে।
প্রস্তাবগুলো ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় ৪৯তম কার্গোটি ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে সরবরাহের জন্য আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে প্রতি এমএমবিটিইউ ২৭.৫৪ ডলার দরে কেনা হবে।
৫০তম কার্গোটি ১ থেকে ২ অক্টোবরের মধ্যে সরবরাহ করবে বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড। এ কার্গোর দাম পড়বে প্রতি এমএমবিটিইউ ২৮.০৩ ডলার।
এ ছাড়া ৫১তম কার্গোটি ৫ থেকে ৬ অক্টোবরের মধ্যে সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া পিটিই লিমিটেড। এর দাম নির্ধারণ করা হয়েছে প্রতি এমএমবিটিইউ ২৬.৬৬৮৮ ডলার।
সংশ্লিষ্ট দর অনুযায়ী এই তিনটি কার্গো কেনার প্রস্তাব অনুমোদনের সুপারিশ করে কমিটি।
অন্যদিকে, আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ২৩.৯৮ ডলার দরে আরও এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
সরকার-টু-সরকার ব্যবস্থার আওতায় আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড ও পেট্রোবাংলার মধ্যে স্বাক্ষরিত স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তির (এলএনজি এসপিএ) ৭.২(খ) ধারা অনুযায়ী অতিরিক্ত এই এলএনজি কেনা হবে।
ওই এলএনজি আগামী ১০ সেপ্টেম্বর সরবরাহের কথা রয়েছে। বিদ্যমান চুক্তির আওতায় এটি ‘অতিরিক্ত পরিমাণ’ হিসেবে কেনা হবে।
এদিন মরক্কো থেকে মোট ৭০ হাজার মেট্রিক টন ডিএপি ও টিএসপি সার আমদানির অনুমোদন দেয়া হয়। দুই লটে সার কিনতে সরকারের মোট ব্যয় হবে ৬৮৮ কোটি ৭০ লাখ টাকা। পাশাপাশি ২০২৭ শিক্ষাবর্ষের ৮ম ও ৯ম শ্রেণির বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণে মোট ৭শ ৩৯ কোটি টাকার অনুমোদন দেয়া হয়।
এছাড়া র্যাব সদর দপ্তর নির্মাণ কাজে ১৭১ কোটি টাকার ক্রয় প্রস্তাব এবং খুলনা বিভাগে নতুন ৫টি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে ১৩৪ কোটি টাকার প্রস্তাব অনুমোদন দেয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
source: Asia Post







