News

ঝড়ে বিদ্যুৎহীন ৮ লাখ মার্কিন নাগরিক, নিউইয়র্কে জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল ও মধ্য-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ঝড়ের আঘাতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও বন্যাসহ যোগাযোগ বিপর্যয় দেখা দিয়েছে। থ্যাংকসগিভিংয়ের ছুটির দিনে ঝড়ের প্রভাবে আট লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। বাতিল ও বিলম্বিত হয়েছে কয়েক হাজার ফ্লাইট। পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্কের কিছু অংশসহ একাধিক এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঝড়ের কারণে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসির থ্যাংকসগিভিং ডে প্যারেডও পিছিয়ে দিতে হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডটইউএসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত পর্যন্ত মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে আট লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন। এর মধ্যে পেনসিলভানিয়া ও নিউজার্সিতে এক লাখ ৭০ হাজারের বেশি এবং মেরিল্যান্ডে প্রায় এক লাখ ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। এর আগে ঝড়ের তীব্রতার এক পর্যায়ে বিদ্যুৎবিচ্ছিন্ন গ্রাহকের সংখ্যা প্রায় ১০ লাখে পৌঁছেছিল বলে রয়টার্স জানিয়েছে।

প্রবল ঝড় আর বৃষ্টির প্রভাবে যুক্তরাষ্ট্রে কয়েক শ ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। ছবি: সংগৃহীত
প্রবল ঝড় আর বৃষ্টির প্রভাবে যুক্তরাষ্ট্রে কয়েক শ ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। ছবি: সংগৃহীত

ঝড়ে বিদ্যুৎহীন ৮ লাখ মার্কিন নাগরিক, নিউইয়র্কে জরুরি অবস্থাঝড়ের প্রভাবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন গন্তব্যে যাওয়া-আসার আড়াই হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়। বাতিল হয় ৪৬০টির বেশি ফ্লাইট। ফ্লাইট চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের বরাতে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ। নিউইয়র্ক ও ওয়াশিংটন এলাকার প্রধান বিমানবন্দরগুলোতে যাত্রীদের ভোগান্তি বেশি হয়। ছুটির সময়ে বিপুলসংখ্যক মানুষের ভ্রমণের পরিকল্পনা থাকায় এ বিপর্যয় আরও বড় আকার নেয়।

ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও জলোচ্ছ্বাসের কারণে বন্যা দেখা দেয়। নিউজার্সির পুরো রাজ্যে জরুরি অবস্থা জারি করেন গভর্নর মিকি শেরিল। নিউইয়র্কের কিছু অংশেও জরুরি অবস্থা ঘোষণা করেন গভর্নর ক্যাথি হোকুল। আবহাওয়া দপ্তর উত্তর জর্জিয়া থেকে মধ্য-আটলান্টিক অঞ্চল হয়ে দক্ষিণ নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় বাতাসের সতর্কতা জারি করে।

আরো পড়ুন

নিউইয়র্কে বন্যা, প্যারেড স্থগিত

নিউইয়র্ক শহরে থ্যাংকসগিভিংয়ের দিন ১ দশমিক ৫ থেকে ২ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কোনো কোনো এলাকায় বৃষ্টির পরিমাণ ৩ ইঞ্চি পর্যন্ত পৌঁছায়। উচ্চ জোয়ারের কারণে স্ট্যাটেন আইল্যান্ড ও লং আইল্যান্ডের কিছু উপকূলীয় এলাকায় পানি ঢুকে পড়ে।

বন্যার পানিতে আটকে পড়া গাড়ি থেকে অন্তত দুজনকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শহরের মেয়র জোহরান মামদানি। তিনি বাসিন্দাদের বন্যাকবলিত সড়কে হাঁটা, সাইকেল চালানো বা গাড়ি নিয়ে চলাচল না করার আহ্বান জানান।

নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫৬ মাইল রেকর্ড করা হয়। সেন্ট্রাল পার্কেও ঘণ্টায় ৩০ মাইলের বেশি বেগে দমকা বাতাস বয়ে যায়। প্রবল বাতাসে কয়েকটি অস্থায়ী স্ক্যাফোল্ডিং কাঠামো ভেঙে পড়ে। তবে এতে কেউ আহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাসির বার্ষিক থ্যাংকসগিভিং ডে প্যারেড শনিবার (২৮ নভেম্বর) পর্যন্ত স্থগিত করা হয়েছে। ম্যানহাটনের সুউচ্চ ভবনগুলোর মাঝখানে প্রবল বাতাসে প্যারেডের বিশাল বেলুন নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে— এমন আশঙ্কা থেকেই আয়োজকরা এ সিদ্ধান্ত নেন। প্যারেড দেখতে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের ভ্রমণ পরিকল্পনাও বদলাতে হয়েছে।

উপকূলীয় এলাকায় সড়ক বন্ধ, উদ্ধার অভিযান

উত্তর ক্যারোলাইনা থেকে নিউজার্সি পর্যন্ত উপকূলীয় শহর ও গ্রামগুলোতে জোয়ারের পানির সঙ্গে বৃষ্টির পানি মিশে সড়ক ডুবে যায়। নিউ জার্সির অ্যাভালন শহরে কয়েকটি এলাকায় বন্যা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা স্কট জে ওয়াল। পানি উপচে সড়কে আবর্জনা ও ধ্বংসাবশেষ জমে যায়। ব্যারিকেড অতিক্রম করে পানিতে ঢুকে পড়া কয়েকটি গাড়ির চালককে উদ্ধার করতে হয়।

আটলান্টিক সিটির দিকে যাওয়া গুরুত্বপূর্ণ ইউএস রুট ৩০-এর একটি অংশ দুই দিকেই বন্ধ করে দেওয়া হয়। ভারী বাতাসের কারণে ভার্জিনিয়ার চেসাপিক বে ব্রিজ-টানেল কয়েক ঘণ্টা বন্ধ ছিল। একইভাবে উত্তর ক্যারোলাইনার হ্যাটেরাস দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা এনসি-১২ সড়কও সমুদ্রের পানি ঢুকে পড়ায় বন্ধ রাখতে হয়।

পেনসিলভ্যানিয়ার স্প্রিংফিল্ড টাউনশিপে একটি গাছ প্রোপেন গ্যাসের ট্যাংকের ওপর পড়ে যাওয়ার পর সতর্কতামূলকভাবে বাসিন্দাদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়। পরে সেই সতর্কতা তুলে নেওয়া হয়। চেস্টার কাউন্টি হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ আংশিক বন্ধ হয়ে গেলেও রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন পড়ার আগেই বিদ্যুৎ ফিরে আসে।

ঝড়ের কারণে শুধু বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থাই নয়, পানি সরবরাহ নিয়েও উদ্বেগ দেখা দেয়। ওয়াশিংটন মেট্রোপলিটন এলাকার মন্টগোমারি ও প্রিন্স জর্জেস কাউন্টির প্রায় ১৯ লাখ গ্রাহককে পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানায় স্থানীয় পানি সরবরাহ কর্তৃপক্ষ। বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানি পরিশোধন কেন্দ্রের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

আবহাওয়ার অবনতি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ছুটির দিনের স্বাভাবিক কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ঝড়ের পর পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা নির্ভর করছে বাতাস ও বৃষ্টির তীব্রতা কমার পাশাপাশি বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ পুনরুদ্ধারের ওপর।

সূত্র: সিএনএন, সিবিএস নিউজ, রয়টার্স, এপি

source: Rajneete

Back to top button