নাইজারে ক্যাম্পে হামলা, প্রাণ গেল ১৩ সেনাসদস্যের

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ফের রক্তক্ষয়ী হামলার শিকার হয়েছে নিরাপত্তা বাহিনী। দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম শহরে ন্যাশনাল গার্ডের একটি ক্যাম্পে ভারী অস্ত্রধারীদের অতর্কিত আক্রমণে অন্তত ১৩ সেনাসদস্য নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে মালি সীমান্তবর্তী তিলাবেরি অঞ্চলের সানাম শহরে এ ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং স্থানীয় সংবাদমাধ্যম অ্যাক্টুনাইজার এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে। মন্ত্রণালয় জানায়, বিপুলসংখ্যক সশস্ত্র হামলাকারী ক্যাম্পটিতে আক্রমণ চালালে সেনারা পালটা প্রতিরোধ গড়ে তোলে। এতে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয় এবং তাদের রসদ ও সরঞ্জাম সরবরাহের অবকাঠামো ধ্বংস করা হয়। পালিয়ে যাওয়া হামলাকারীদের ধরতে এলাকায় যৌথ অভিযান চলছে।
সর্বশেষ এই হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে মালি সীমান্তবর্তী তিলাবেরি অঞ্চলে প্রায়ই সশস্ত্র গোষ্ঠীগুলো নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে থাকে।
উল্লেখ্য, এ ঘটনার মাত্র দুই দিন আগে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিফা অঞ্চলে আরেকটি হামলায় ১১ সেনাসদস্য নিহত হন, যার জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে দায়ী করেছিল নাইজার সরকার। পরপর এসব হামলায় দেশটির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
source: Rajneete







