News

শিক্ষক মূল্যায়ন নিয়ে জাবি উপাচার্যের বক্তব্যের সঙ্গে প্রশাসনের বিবৃতিতে অসামঞ্জস্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে শিক্ষক মূল্যায়ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের আগের বক্তব্য এবং শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে বক্তব্যের উপস্থাপনায় অসামঞ্জস্য দেখা গেছে।

গতকাল জাকসুর সর্বশেষ কার্যনির্বাহী পরিষদের সভায় অংশ নিয়ে উপাচার্য বলেন, জাকসুর পক্ষ থেকে শিক্ষক মূল্যায়নের যে ‘স্যাম্পল’ দেওয়া হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের এ বিষয়ে গঠিত কমিটি বিশ্লেষণ করে কীভাবে কাজটি হতে পারে বা এতে কোনো সংকট আছে কি না, তা বুঝতে উপকৃত হতে পারে।

উপাচার্য জানান, এই স্যাম্পলটি ওই কমিটি অ্যানালাইসিস করে উপকৃত হতে পারে যে কীভাবে কাজটা হতে পারে বা আদৌ এর মধ্যে কোনো সংকট আছে কি না। কিন্তু এটা এক ধরনের ভ্যালু অ্যাড করবে, এতে কোনো সন্দেহ নাই।

তবে শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে জাকসুর উদ্যোগে শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট চালু হয়েছে এবং উপাচার্য সেটি গ্রহণ করেছেন এমন তথ্য প্রচারিত হয়েছে, যা সঠিক নয়।

জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকসুর পক্ষ থেকে উপাচার্যকে শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট তৈরির তথ্য জানানো হলে তিনি জাকসুর নেতৃবৃন্দকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট তৈরির এখতিয়ার জাকসুর নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাকসুর একটি আবেদনের পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলে আলোচনা হয়েছে এবং গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন বলছে, সিন্ডিকেটে গঠিত কমিটির প্রতিবেদন চূড়ান্ত হওয়ার আগে জাকসু কর্তৃক প্রস্তুত শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট উপাচার্যের গ্রহণ করার কোনো সুযোগ নেই।

তবে উপাচার্যের আগের বক্তব্যে জাকসুর তৈরি উদ্যোগটিকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা হিসেবে গ্রহণ করার কথা বলা হয়নি। সেখানে তিনি এটিকে ‘স্যাম্পল’ হিসেবে উল্লেখ করে কমিটির বিশ্লেষণে এর সম্ভাব্য উপযোগিতা এবং ‘ভ্যালু অ্যাড’ করার কথা বলেন।

ফলে দুই বক্তব্যে জাকসুর শিক্ষক মূল্যায়ন উদ্যোগের প্রশাসনিক স্বীকৃতি ও ভবিষ্যৎ ব্যবহারের ব্যাখ্যায় পার্থক্য দেখা যাচ্ছে। তবে জাকসুর শিক্ষক মূল্যায়ন প্রক্রিয়া চালুর এক্তিয়ার নেই এই মূল অবস্থানটি উভয় বক্তব্যেই প্রতিফলিত হয়েছে।

source: Asia Post

Back to top button